Advertisement

Ram Navami violence in Murshidabad: মসজিদের সামনে রামনবমীর মিছিলে উত্তেজনা, জঙ্গিপুরে ৪০টি দোকানে ভাঙচুর-আগুন

মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়, যা পরে হিংসার রূপ নেয়। রঘুনাথগঞ্জের ফুলতলা এলাকায় একদল দুষ্কৃতী ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় প্রায় ৪০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে বেশ কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 11:03 AM IST
  • মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়, যা পরে হিংসার রূপ নেয়।
  • রঘুনাথগঞ্জের ফুলতলা এলাকায় একদল দুষ্কৃতী ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়, যা পরে হিংসার রূপ নেয়। রঘুনাথগঞ্জের ফুলতলা এলাকায় একদল দুষ্কৃতী ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় প্রায় ৪০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে বেশ কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি।

ঘটনাস্থলটি মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মসজিদের সামনে দিয়ে শোভাযাত্রা যাওয়ার সময় উচ্চস্বরে গানবাজনা ও নাচ চলছিল, তখন ভেতরে জুম্মার নামাজ চলছিল। এ নিয়ে আপত্তি ওঠে এবং দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মিছিল থেকে একাংশ স্থানীয় বাড়ির ছাদে উঠে পতাকা টাঙায়, দোকানে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এমনকি সাধারণ পথচারীদেরও মারধরের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছেন জঙ্গিপুর পুরসভার কর্মী আবুল শেখ, যিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলের কাছেই থাকলেও দীর্ঘক্ষণ কার্যত নিষ্ক্রিয় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরই লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়।

অন্যদিকে, বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, শোভাযাত্রায় বাধা দেওয়ার চেষ্টা থেকেই এই উত্তেজনার সূত্রপাত। পাল্টা তৃণমূলের দাবি, ভোটের আগে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তল্লাশি অভিযান জারি রয়েছে।

নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা ঘিরে এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রামনবমীর শোভাযাত্রাগুলি ক্রমশ রাজনৈতিক রূপ নিচ্ছে, যা সংবেদনশীল জেলাগুলিতে মেরুকরণের আশঙ্কা বাড়াচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement