
বৃহস্পতিবার হাজরার সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, 'পশ্চিমবঙ্গের ভোটে আমি ১৫ দিন এই রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা উপলক্ষে এসেছি।' তাঁর এই মন্তব্য ঘিরেই তৎক্ষণাৎ সরব হয়ে ওঠে তৃণমূল শিবির।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'দম থাকলে ফলাফল ঘোষণার পরদিনও বাংলায় থাকুন।' শুধু কথাতেই থেমে থাকেনি শাসকদল, সোশ্যাল মিডিয়াতেও কটাক্ষের সুর শোনা যায়।
এক্স-এ তৃণমূলের পক্ষ থেকে করা একটি পোস্টে অমিত শাহকে ‘বাংলা সফরে’ স্বাগত জানিয়ে খানিক রসিকতার সুরে বলা হয়েছে, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ১৫ দিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন, চমৎকার! বাংলা সবসময় পর্যটকদের দু’হাত বাড়িয়ে স্বাগত জানায়। যতদিন খুশি থাকুন, আর অবশ্যই আমাদের কিছু সেরা বাঙালি খাবার চেখে দেখতে ভুলবেন না।'
এরপরেই তালিকাভুক্ত করা হয় কয়েকটি জনপ্রিয় বাঙালি আমিষ পদ। রয়েছে, মুড়িঘণ্ট, পাবদা মাছের ঝাল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি এবং কষা মাংস। শেষে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, 'আপনার বাংলায় থাকা আনন্দদায়ক হোক!'
.@AmitShah has announced his decision to spend 15 days in Bengal. Good. Bengal welcomes tourists with open arms. Stay for as long as you like. And do not miss out on some of our finest delicacies.
We highly recommend:
👉 Muri Ghonto
👉 Pabda Macher Jhal
👉 Ilish Bhapa
👉 Chingri… pic.twitter.com/44Nz2KSyQF
উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে বাংলায় এসে একটি বাউল পরিবারের সঙ্গে ঘরোয়া মধ্যাহ্নভোজ করেছিলেন অমিত শাহ। ভাত, ডাল, আলু পোস্ত, শাক, সহজ বাঙালি খাবার দিয়েই সেদিন আপ্যায়ন হয়েছিল। সেই ঘটনাকে ঘিরেও সে সময় রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা ও কটাক্ষের ঝড় উঠেছিল।
এবারও সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমূলের তরফে খোঁচা দিতে ছাড়েনি শাসকদল। সব মিলিয়ে, ভোটের মুখে রাজনৈতিক বাকযুদ্ধের আবহে খানিক রসিকতার মোড়কে পাল্টা বার্তা দিতে দেখা গেল তৃণমূলকে।