
কার্টুন চরিত্রের মধ্যে প্রথম সারিতে যে নামগুলো আসে, তার মধ্যে ডোরেমন (Doraemon) অন্যতম। এই ফিকশন চরিত্রটি ফুজিকো ফুজিও থেকে নেওয়া একটি রোবোটিক বিড়াল, যে সময়ের থেকে পিছিয়ে যেতে পারে। ডোরেমনকে শিশুরা যেমন ভালোবাসে, তেমনই তারা ভালোবাসে ডোরেমন যার বাড়িতে থাকে সেই ছেলেটিকে। এই দুষ্টু বাচ্চা নোবিতা (Nobita) চরিত্রটিকে নিয়ে বরাবর সকলে আলোচনা করেন এবং এটা কারও জানতে বাকি নেই যে ডোরেমন তার বন্ধু শিজুকাকে (Shizuka) কতটা ভালোবাসে।
এমনকি শিজুকার মন জেতার চেষ্টাও চলে। তাদের দুজনের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় ঠিকই, কিন্তু তার স্বতত্বেও ডোরেমন, শিজুকা এবং নোবিতা খুব ভালো বন্ধু।এবার সময় এসেছে এই গল্পকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার। ডোরেমনের পরবর্তী ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে। যেখানে রয়েছে এক চমক।
এবার দর্শকেরা নোবিতা এবং শিজুকার বিয়ে দেখতে পাবেন। আসছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবির সিক্যুয়াল। এই নতুন ছবির নাম 'স্ট্যান্ড বাই মি ডোরেমন ২' (Stand By With Me Doraemon 2)। এই ছবির প্রথম অংশটিতে তাদের প্রথম দেখা এবং সেই অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি হয়েছিল। দ্বিতীয় এই অংশটিতে দেখা যাবে নোবিতার ছোটবেলার বন্ধু শিজুকাকে বিয়ে করবেন।
২০২০ সালের নভেম্বর মাসে জাপানে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইন্দোনেশিয়াতে মুক্তি পাবে এটি। সিবিআই পিকচার্স এই খবরটি তাদের ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছে।
নোবিতা এবং শিজুকার বিয়ে এই মুহূর্তে রীতিমতো ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। যারা কাটুন চরিত্রগুলিকে পছন্দ করেন, তাঁরা তাঁদের আবেগ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।
কেউ লিখছেন, "এই ছবিটি যখন মুক্তি পাবে, আমি আমার ছেলেবেলা ফিরে পাবো। নোবিতা এবং শিজুকার বিয়ে দেখলে সত্যিই চোখের জল ধরে রাখতে পারবো না। ডোরেমন নিশ্চয়ই খুব গর্ব অনুভব করবে।" অন্য আরেকজন আবার লিখেছেন, "নোবিতার জন্য আমি কেঁদে ফেলব"। আরও এক নেটিজেন লিখেছেন, "নোবিতা প্লিজ আমার আগে বিয়ে করে নাও।"
এমনিতে চারিদিকে চলছে বিয়ের মরসুম। একের পর এক সেলেব তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। ঠিক সেই সময় নোবিতা ও শিজুকার বিয়ের খবর যথেষ্ট আবেগপ্রবণ করেছে কার্টুন প্রেমীদের। সকলেই অপেক্ষা করছেন ছবিটির জন্য।