খবরের শিরোনামে রয়েছেন সোনম ওয়াংচুক। NEET পরীক্ষার্থীদের একের পর এক আত্মহত্যা এবং প্রশ্নপত্র ফাঁসের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি আমরণ অনশনে বসেছেন দিল্লির যন্তর মন্তরে। আন্দোলনকারী এই সোনমের একজন উদ্ভাবক এবং শিক্ষা সংস্কারক হিসেবেই পরিচিত। তিনি কী কী আবিষ্কার করেছেন, তা জানেন কি?
বরফের স্তূপ থেকে শুরু করে প্যাসিভ সোলার বিল্ডিং, সোনম ওয়াংচুকের উল্লেখযোগ্য উদ্ভাবনগুলি যদিও তেমন চর্চায় আসেনি কখনও।
এর আগেও সোনম ওয়াংচুক সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদে লাদাখকে অন্তর্ভূক্ত করা এবং পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লি পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন।
দীর্ঘদিন ধরে সোনম ওয়াংচুক হিমালয় অঞ্চলের সমস্যাগুলির সমাধান খুঁজে বের করার কাজে নিয়োজিত।
১৯৮৮ সালে 'স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ' প্রতিষ্ঠা করেন সোনম। এর উদ্দেশ্য ছিল প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অসুবিধার সম্মুখীন শিক্ষার্থীদের জন্য একটি ভিন্ন শিক্ষামূলক পরিবেশ তৈরি করা।
লাদাখে তাঁর তৈরি ক্যাম্পাস একটি পরীক্ষাগার হিসেবে কাজ করে যা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতার উপরও জোর দেয়।
সোনম ওয়াংচুকের সবচেয়ে প্রশংসিত উদ্ভাবন হল 'আইস স্তূপ'। লাদাখের মতো উচ্চ পার্বত্য অঞ্চলের কৃষিক্ষেত্রে জলের অভাব বড় সমস্যা। এর সমাধানে শীতকালে জল-শঙ্কু আকৃতিতে বিশাল বরফের কাঠামো তৈরি করা হয়। আবহাওয়া উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এই বরফ গলে যায় এবং প্রয়োজনের সময়ে জল সরবরাহ করে। এটিকে বলা হয় বরফের হিমবাহ।
স্থানীয় মাটি ও সহজলভ্য উপকরণ ব্যবহার করে ভবনগুলিকে সূর্যের তাপ আরও ভাল ভাবে কাজে লাগানোর জন্য নকশা তৈরি করেছিলেন। প্রচণ্ড ঠান্ডায় তাপ প্রদান করে এটি। সর্বোপরি জ্বালানির ব্যবহার কমাতে সাহায্য় করে।
লাদাখ বা গালওয়ান উপত্যকার তীব্র ঠান্ডায় (-১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে) ভারতীয় সেনাবাহিনীর জন্য তিনি বিশেষ ধরনের সৌরচালিত তাঁবু বা শেল্টার আবিষ্কার করেছেন। এটি বিদ্যুৎ বা কেরোসিন ছাড়াই বাইরের প্রবল ঠান্ডার মধ্যেও তাঁবুর ভেতরের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখতে পারে।
'অপারেশন নিউ হোপ' সোনমের অন্যতম প্রধান শিক্ষা সংস্কার। এর লক্ষ্য ছিল লাদাখের সরকারি শিক্ষা ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা।
সোনম ওয়াংচুকের উদ্ভাবনগুলির মূল উদ্দেশ্যই হল স্থানীয় সম্পদ ব্যবহার করে বড় সমস্যাগুলির সহজ ও সাশ্রয়ী সমাধান খুঁজে বের করা।