
ত্রিপুরা বিধানসভায় (Tripura Assembly) বিজেপির পরিষদীয় দলনেতার পদে বসলেন মানিক সাহা। ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদেও বসতে চলেছেন মানিক সাহা। সোমবার দলীয় বৈঠকে তাঁকেই মুখ্যমন্ত্রী করার বিষয়ে সিলমোহর দিল দল। বিজেপি পরিষদীয় বৈঠকে নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৮ মার্চ । উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি।
সদ্য সমাপ্ত রাজ্য নির্বাচনে বিজেপি ৬০ সদস্যের বিধানসভার 32টি আসন জিতেছে। ৮ মার্চ মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মানিক সাহা, প্রাক্তন কংগ্রেস নেতা যিনি ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজ্যের নির্বাচনে যাওয়ার ১০ মাস আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয়েছিল। বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হন তিনি। রাজনীতিতে আসার আগে মানিক সাহা চিকিৎসক ছিলেন। তিনি একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিশেষজ্ঞ। তবে তিনি প্র্যাকটিস করতেন না। পড়াতেন। হাপানিয়ায় অবস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে শিক্ষকতা করতেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১ হাজার ৩২১ ভোটে জিতেছিলেন মানিক সাহা। টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে জিতেছেন তিনি। জয়ের পরেই বলেছিলেন, 'এই ফলে আমি খুশি। আরও বেশি আশা করেছিলাম।' একই সঙ্গে দলীয় কর্মীদের শান্তিরক্ষার বার্তা দিয়েছেন বরদোয়ালি কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী।