
গোয়ায় ইন্ডিয়া টুডের রাউন্ড টেবিল কনফারেন্সে উপস্থিত থাকলেন তৃণমূলের সুস্মিতা দেব (Sushmita Dev)। তিনি বলেন, যখন তাঁরা গোয়ায় (Goa Election 2022) সমীক্ষা করেন তখন দেখেন যে মানুষ বিজেপির ওপর অসন্তুষ্ট। ২০১৭ সালে যা হয়েছে তা নিয়ে সেখানকার মানুষ হতাশ। তাই তাঁরা এখটি বিকল্প খুঁজছেন। সুস্মিতা বলেন, তাঁদের পছন্দ করা যেতে পারে, ঘৃণাও করা যেতে পারে, কিন্তু তাঁদের উপেক্ষা করা যাবে না। সুস্মিতা দেব আরও বলেন, তাঁরা বাংলা থেকে কাউকে গোয়ায় নির্বাচনে লড়াই করাচ্ছেন না, সেখানকার মানুষকেই টিকিট দিয়েছেন। তিনি আরও বলেন, যদি কোনও দল অন্য রাজ্যে যায় তাহলে তাদের বহিরাগত বলা অসাংবিধানিক। সুস্মিতা বলেন, তাঁরা পঞ্জাব বা উত্তরাখণ্ড যাননি, তাঁরা গোয়াকে বেছে নিয়েছেন। কারণ সেখানকার মানুষ বিকল্প খুঁজছেন। একই সঙ্গে ৫ বছরে গোয়ায় আম আদামি পার্টি কিছুই পায়নি বলেও তাঁদের সমীক্ষা উঠে এসেছে বলে দাবি করেন সুস্মিতা।
সুস্মিতা দেব বলেন, কংগ্রেস (Congress) অনেক বিষয়ে কথা বলছে, কিন্তু এটা বলছে না যে ২০১৭ সালে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কেন তারা সরকার গড়তে পারেনি। এই প্রশ্নের মুখোমুখি কংগ্রেসকে ১৪ ফেব্রুয়ারিতেও হতে হবে। তিনি বলেন, ৪ মাস আগে গোয়ায় (Goa) গিয়ে দেখা যায় যে তৃণমূলই একমাত্র দল যারা মাঠে নেমে কাজ করছে। একইসঙ্গে তিনি বলেন, যদি কংগ্রেস তাদের সঙ্গে থাকত তাহলে বিজেপিকে কড়া টক্কর দেওয়া যেত, কিন্তু কংগ্রেস সেখানে তাদের বিরুদ্ধে কাজ করছে। তৃণমূল ও আম আদমি পার্টি ভোট কাটবে, কংগ্রেস এমনটাই বলছে বলেই মন্তব্য করেন সুস্মিতা।
সুস্মিতা দেবকে প্রশ্ন করা হয়, কংগ্রেস অভিযোগ করছে তৃণমূল ও আম আদমি পার্টি কিছুই করবে না, বরং খেলা নষ্ট করবে। জবাবে তিনি বলেন, শুধু কি দুটি জাতীয় দলই দেশের যে কোনও জায়গায় নির্বাচনে লড়তে পারে? তৃতীয় কোনও দল যেতে পারে না? তবে কি কংগ্রেস বিজেপিকে (BJP) হারাবে সেটার অপেক্ষা করা উচিত? এক্ষেত্রে সুস্মিতা আরও বলেন, যদি গোয়ায় এটা মনে করা হয় যে তৃণমূল খেলা নষ্ট করবে তাহলে অবশ্যই তাঁরা সেখানে একটি বড় ফ্যাক্টর। সুস্মিতার কটাক্ষ, যদি তারা বড় দলই হয় তাহলে তারা লড়ুক, ভয় পাচ্ছে কেন? এদিন হাত শিবিরকে বিঁধে সুস্মিতা দেব বলেন, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। প্রার্থীদের শপথ নেওয়াচ্ছে যে জয়ের পর তাঁরা অন্য কোথাও যাবেন না। কিন্তু দুই তৃতীয়াংশ বিধায়ক চলে গেলে কংগ্রেস কী করবে? দলের প্রার্থীদের ওপরেই ভরসা নেই কংগ্রেসের।
গোয়ায় এমজিপি-র (MGP) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তৃণমূল। এই প্রসঙ্গে সুস্মিতা দেবকে প্রশ্ন করা হয় যে তৃণমূল জাতীয় স্তরে বিজেপিসহ দক্ষিণপন্থী মতাদর্শের বিরোধিতা করে, কিন্তু এমজিপি-রও একই মতাদর্শ। সেই প্রসঙ্গে সুস্মিতা বলেন, কংগ্রেসও তো শিবসেনার সঙ্গে জোট বেঁধেছে। এক্ষেত্রে এমজিপি যেহেতু বিজেপির বিরোধিতা করছে তাই তাঁরা তাদের সঙ্গে এক ছাতার তলায় এসেছেন বলে জানান সুস্মিতা।
তাহলে কি জাতীয় স্তরে কংগ্রেসকে অনুসরণ করবে তৃণমূল (TMC)? উত্তরে সুস্মিতা দেব বলেন বিজেপিকে আটকাতে যা করা দরকার, তৃণমূল তাই করবে। কিন্তু এখন কংগ্রেস বলছে যে তৃণমূলের এখানে যাওয়া ঠিক নয়, ওখানে যাওয়া ঠিক নয়। পশ্চিমবঙ্গে কংগ্রেস বামেদের সঙ্গে মিলে সমস্ত আসনে লড়াই করছে। কিন্তু একটিও আসনে জিততে পারেনি। এরপরেই সুস্মিতার প্রশ্ন, তাহলে কি ২০২৪ সালে বাংলার একটিও আসনে প্রার্থী দেবেন না সোনিয়া গান্ধী?