'সবুজের শেষ ঠিকানা'। এই থিমেই সেজে উঠেছে সোনারপুরের তেঘরিয়া নরেন্দ্রপুর স্টেশন রোড অধিবাসীবৃন্দের কালীপুজো মণ্ডপ। মণ্ডপের ভিতর তৈরি করা হয়েছে প্রকান্ড একটি গাছ। যেটিকে বলা হচ্ছে পৃথিবীর শেষ গাছ। ৩২ তম বর্ষে অভিনব এই থিম ভাবনা নিয়ে কী বলছেন ক্লাব কর্তপক্ষ? সভাপতি দিবস নস্কর বলেন, 'আমাদের চারপাশে বহুতল নির্মাণের জন্য গাছপালা শেষ হয়ে যাচ্ছে। মানুষ যাতে সচেতন হয়, সে কারণেই এই ভাবনা।' পুজোর অন্যতম উদ্যোক্তা জয় সর্দার বলেন, 'গাছ কেটে বড় বড় বিল্ডিং তৈরি করছি, উন্নতি হচ্ছে কিন্তু সবুজ নষ্ট হয়ে যাচ্ছে। আর গাছই যদি না বাঁচে তাহলে যে সঙ্কট নেমে আসবে মানবজীবনে। সে কারণেই মণ্ডপের ভিতর রাখা হয়েছে পৃথিবীর শেষ গাছ। মানুষ কি পারবে এটিকে বাঁচাতে?' সোনারপুর এলাকার অন্যতম বড় এই কালীপুজোর অভিনব থিম দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।