
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। মূলত কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে দ্বিতীয় দফায় মতদান করবে সাধারণ মানুষ। দ্বিতীয় দফার প্রচারের জন্য বুধবার উত্তর দমদমে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দমদমের অগ্রদূত ময়দান থেকে তৃণমূলকে আক্রমণের পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করলেন শাহ।
এদিন মল্লিকার্জুন খাড়গের মোদীকে নিয়ে করা মন্তব্যকে নিয়ে কংগ্রেসকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, "নরেন্দ্র মোদীকে মল্লিকার্জুন খাড়গে আতঙ্কবাদী বলছেন। রাহুল গান্ধীর সঙ্গে থেকে থেকে খাড়গেজীর ভাষা খারাপ হয়ে যাচ্ছে। রাহুল গান্ধীকে মনে রাখতে হবে, নরেন্দ্র মোদীর উপর যত নোংরা, পাঁক ফেলা হবে, তত পদ্মফুল বেশি করে ফুটবে।"
অমিত শাহ বলেন, "আজ রাহুল গান্ধীকে আমি বলে যাচ্ছি, তামিলনাড়ু, পণ্ডিচেরীতে কংগ্রেস ডবল ফিগার পার করতে পারবে না। বাংলায় হয়তো কংগ্রেস খাতা খুলতে পারে। আর অসমে হাত শিবির সবচেয়ে বড় হারের সম্মুখীন হবে।" এরপরেই মমতাকে নিশানা করে শাহ বলেন, "মমতা দিদি আপনি এই কংগ্রেসের সঙ্গে রয়েছেন। আপনারও খারাপ হবে।"
আজ ২২ এপ্রিল পহেলগাঁও হামলার একবছর পার করছে। এদিন দমদম থেকে সন্ত্রাসবাদ নিয়েও সরব হন অমিত শাহ। তিনি বলেন, "TMC ও কংগ্রেস সরকার আতঙ্কবাদীদের বিরিয়ানি খাওয়াত। কিন্তু মোদী সরকার আতঙ্কবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। উরিতে হামলার পর মোদীজি সার্জিকাল স্ট্রাইক করেছে, পুলওয়ামা হামলার এয়ার স্ট্রাইক করা হয়েছে আর পহেলগাঁও হামলার পর মোদীজি অপারেশন সিঁদুর করিয়ে আতঙ্কবাদীদের যোগ্য জবাব দেওয়া হয়েছে।"
এদিন তৃণমূলকে শিল্প নিয়েও নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "দেশে শিল্পের শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু আজ এক এক করে সব ধরনের শিল্প বাংলা ছেড়ে চলে যাচ্ছে। কাটমানির জন্য দিদির লোকেরা শিল্পের পিছনে উঠেপড়ে লেগেছে। তাই শিল্প বাংলা ছেড়ে বাইরে চলে যাচ্ছে।"
পাশাপাশি, কলকাতা বস্তির শহর হয়ে গিয়েছে বলে তোপ দাগেন অমিত শাহ। তিনি দাবি করেন, এখানকার পুরসভা দেউলিয়া হয়ে গিয়েছে। পুরসভার অবহেলার জন্য নোংরা জলের ঝিল বেড়ে গিয়েছে। মোতিঝিলের জল বিশুদ্ধতা হারিয়েছে বলেও তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।