
রাজ্যে বিধানসভা নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হওয়া অজয় পাল শর্মাকে নিয়ে বিতর্ক এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। উত্তরপ্রদেশ ক্যাডারের এই আইপিএস অফিসারকে পর্যবেক্ষকের পদ থেকে অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে দাখিল করা হল পিটিশন। মঙ্গলবার রাতে এই পিটিশন দাখিল করা হয় বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, পিটিশনে আইপিএস অজয়পাল শর্মার ভাইরাল ভিডিওটিও উল্লেখ করা হয়েছে। দাবি করা হচ্ছে, ওই ভিডিওতে ভোটারদের ভয় দেখানোর ফুটেজ রয়েছে। বিধানসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয়পাল শর্মাকে 'নির্বাচনী পর্যবেক্ষক' হিসেবে নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টে দায়ের করা PIL-এ আবেদনকারী জানিয়েছেন, অজয় পাল শর্মা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন এবং ভোটার ও প্রার্থীদের ভয় দেখাচ্ছেন। তার মনোভাব অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তিনি প্রার্থী ও সমর্থকদের হুমকি দিচ্ছেন। ওই আবেদনে অজয় পাল শর্মাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।
অন্যদিকে, অজয় পাল শর্মা ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ দায়ের করেছেন অপর এক মহিলাও। ওই মহিলার অভিযোগ, গতকাল অর্থাৎ সোমবার রাতে তাঁর বাড়িতে কয়েকজন প্রবেশ করে নিজেদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বলে পরিচয় দেয়। এরপর তাঁদের হুমকি দেওয়া হয়।
তবে একাধিক অভিযোগ দায়ের করা হলেও, বুধবার দক্ষিণ ২৪ পরগনার দিকে দিকে নিরাপত্তা বজায় রাখতে টহল দিয়েছেন 'সিংঘম' অফিসার। ভোটের আগেই রাজ্যে আসেন যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মা। ভোটের মধ্যে গন্ডোগোল পাকাতে পারে, ভোটারদের হুমকি দিয়ে পারে কিংবা ভয় দেখাতে পারে, এমন সন্দেহভাজনদের তালিকা নিয়ে ডায়মন্ড হারবারে পৌঁছন এই এনকাউন্টার স্পেশালিস্ট।