
ভোটের ফল ঘোষণা হতেই অ্যাকশন মোডে ED। কলকাতার পুলিশ আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সংস্থা। ২টি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে একাধিকবার তলব করা সত্ত্বেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। এমতাবস্থায় তাঁর দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় শান্তনুর বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করা হয়েছে।
এর আগে রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিন অর্থাৎ ২৮ এপ্রিল কলকাত পুলিশের ডেপুটি কমিশনার শান্তনুকে CGO কমপ্লেক্সে তলব করেছিল ED। এপ্রিল মাসে ফার্ন রোডে শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ED আধিকারিকরা। ভোর থেকে শুরু হয়েছিল অভিযান। শেষে রাত ২টো নাগাদ শান্তনুর বাড়ি থেকে বেরিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। তল্লাশির পরের দিনই, সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় শান্তনু এবং তাঁর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে CGO কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ED। অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শান্তনু সময় চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।
এই পুলিশ আধিকারিককে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত একটি মামলার জন্যই বারবার ED সমন পাঠানো হয়েছে বলে খবর। মূলত জমি দখল, তোলাবাজির মতো অভিযোগে মামলাটি রয়েছে। ওই একই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এঁরা প্রত্যেকেই রাসবিহারী কেন্দ্রের পরাজিত TMC প্রার্থী দেবাশিস কুমারের ঘনিষ্ট বলেই পরিচিত। তাঁকে একাধিকবার ED তলব করা হয়েছিল। পাশাপাশি তাঁর বাড়িতে প্রায় ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে IT তল্লাশি হয়।