
বিধানসভা ভোটের আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের সুর ধরেই এবার সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে ইকো পার্কে দাঁড়িয়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে তীব্র সমালোচনা করেন।
দিলীপ ঘোষের বক্তব্য, 'একসময় যাদবপুর ভালো ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গা ছিল। কিন্তু এখন সেখানে দেশবিরোধী কার্যকলাপের পরিবেশ তৈরি হয়েছে। কার্যত অসভ্য বানানোর ফ্যাক্টরি হয়ে উঠেছে ক্যাম্পাস। বাবুল সুপ্রিয় বা রাজ্যপালের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা সকলেই দেখেছেন। আমরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, সেটাও যেন কেউ ভুলে না যায়।'
এই বিতর্কের সূত্রপাত শুক্রবার, যখন বারুইপুরে নির্বাচনী সভায় নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, একসময় এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি ছিল এবং জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে উঠেছিল। কিন্তু এখন সেখানে হুমকি, দেয়ালে দেশবিরোধী স্লোগান এবং অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, 'পড়াশোনার বদলে ছাত্রদের আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা চাই অরাজকতার বদলে শিক্ষার পরিবেশ ফিরুক, হুমকির বদলে আসুক সহমর্মিতা।'
একই সঙ্গে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে মোদী প্রশ্ন তোলেন, যে সরকার নিজের রাজ্যের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে না, তারা কীভাবে রাজ্যের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে?
অন্যদিকে, হাওড়ার সভা থেকে মোদীর এই মন্তব্যের পালটা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব, আমাদের যুব সমাজ আমাদের গর্ব। যাদবপুর দেশের সেরাদের মধ্যে অন্যতম। এখানে প্রতিবাদকে নৈরাজ্য বলা ঠিক নয়, ছাত্র-যুবদের গণতান্ত্রিক অধিকার আছে।'