
ভোটের দিন মানেই বুথে টানটান ব্যস্ততা, ভোটারদের লম্বা লাইন, নিরাপত্তার কড়াকড়ি আর ভোটকর্মীদের নিরবচ্ছিন্ন কাজ। কিন্তু সেই চেনা ছবির সম্পূর্ণ উল্টো দৃশ্য ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে, অথচ বুথের ভেতরে নেই কোনও কর্মী। প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার, সবাই নাকি ‘লাঞ্চ’-এ ব্যস্ত!
প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে এমনটাই ঘটেছে। দীর্ঘক্ষণ বুথে কাউকে না পেয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ফোন করলে ওপার থেকে ভেসে আসে নির্লিপ্ত উত্তর, “আমরা বাইরে আছি, পরে আসছি।” যেন ভোটগ্রহণ নয়, নিছক কোনও ব্যক্তিগত কাজ চলছে! অভিযোগ, সেই সময় সেক্টর অফিসারও বুথে উপস্থিত ছিলেন না।
ঘটনার খবর পেয়ে তৎপর হয় জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপরই কড়া পদক্ষেপ। প্রিসাইডিং অফিসার-সহ পুরো পোলিং টিমকে সাসপেন্ড করার নির্দেশ দেয় কমিশন।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত রিজার্ভ পোলিং টিম পাঠানো হয় এবং পুনরায় ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক করা হয়। কমিশনের এই কঠোর অবস্থান স্পষ্ট বার্তা দিয়েছে, ভোটের দায়িত্বে গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।