
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার জনাদেশ সামনে আসার পর সোমবার সন্ধ্যাতেই ফোনে কথা হল তাঁদের।
এক্স পোস্টে কংগ্রেস নেতা জয়রাম রমেশ রাহুল ও মমতার কথোপকথনের কথা তুলে ধরেন। তিনি লেখেন, 'আজকে সন্ধ্যায় লোকসভার বিরোধী দলনেতা মমতাজির সঙ্গে কথা বলেছেন।' উল্লেখ্য, কংগ্রেস এবং তৃণমূল উভয়ই INDIA জোটের অন্তর্গত। গোটা দেশেই BJP বিরোধী আন্দোলনের অন্যতম দুই মুখ রাহুল এবং মমতা। সেক্ষেত্রে বাংলায় তৃণমূলের পরাজয়ের পর দুই দলনেতার কথোপকথন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
যদিও কেরলে এবার পুনরায় সরকারে ফিরল কংগ্রেস নেতৃত্বাধীন UDF। সেখানকার কংগ্রেস কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। তবে অন্যান্য রাজ্য়ে কংগ্রেসের পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও ফের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন তিনি।
রাহুল বলেন, 'কেরল ছাড়া অন্যান্য রাজ্যে আমাদের ফলাফল খারাপ হয়েছে। তবে আমরা নিরুৎসাহী হব না। আদর্শের লড়াই লড়ব। গণতন্ত্রের লড়াই লড়তে এসেছি। একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমার লড়াই।'
এদিকে, বাংলার বিধানসভা নির্বাচনে শেষ পাওয়া কমিশনের আপডেট অনুযায়ী, BJP ২০৮ ভোটে এগিয়ে এবং TMC ৭৯ ভোটে এগিয়ে। ভবানীপুরে কেন্দ্রে ২০ রাউন্ডের গণনা শেষে ১৫ হাজার ১১৩ ভোটে জিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী।