
হাওড়া শিবপুরের চৌরাবস্তি এলাকায় ভরদুপুরে ব্যাপক বোমাবাজি। বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বেলা আড়াইটের দিকে ঘটনাটি ঘটে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বোমাবাজির ঘটনায় আহত হন ২ বিজেপি কর্মী।
স্থানীয় তৃণমূল নেতা শামিম আহমেদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। বোমাবাজি চলাকালীন ইট-পাথরও ছোড়া হয় বলে দাবি করা হয়। এলাকায় একের পর এক বোমা ছোড়া হয়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ভয়ের পরিস্থিতি তৈরি হয়। জনবসতি এলাকায় ভরদুপুরে এই ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা বাড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে একটি কুইক রেসপন্স টিমও (QRT) পাঠানো হয়। বিজেপি কর্মীরা শিবপুর থানা ঘেরাও করে এই ঘটনার প্রতিবাদ জানান। বর্তমানে পুরো এলাকাজুড়ে একটি চাপা উত্তেজনা রয়েছে।
নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন বিজেপি সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। আর ঠিক তার কয়েক ঘণ্টা আগেই শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রাথকে খুন করা হয়। কিছু দুষ্কতী বাইকে চেপে এসে তাঁকে গুলি করে খুন করে। এরপরই বিজেপি অভিযোগ তোলে যে হার না মেনে নিতে পেরে তৃণমূল কংগ্রেস হিংসা ছড়াচ্ছে। তারপরই আবার পানিহাটিতে এই বোমা বিস্ফোরণের খবর মিলেছে।