
বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহার দিলেন বাক্সবন্দি জনমত অর্থাৎ EVM মেশিন। বাইরে বেরিয়ে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এমনকি পুলিশের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় EVM কারচুপির আশঙ্কা প্রকাশ করে তৃণমূলের প্রার্থীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার বার্তা দিচ্ছেন, অন্যদিকে তখন মধ্যরাতে ওই স্ট্রংরুমেরই CCTV ফুটেজ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ভিতরে থাকাকালীন সময়কার ফুটেজ প্রকাশ করে কী দেখালেন শুভেন্দু?
শুভেন্দু কী দেখালেন?
বৃহস্পতিবার মধ্যরাতে শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি CCTV ফুটেজ থেকে নেওয়া স্ক্রিনশট পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলের স্ট্রংরুমের ভিতরে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ইলেকশন এজেন্ট। শুভেন্দুর বক্তব্য, 'ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। উনি যতই চেষ্টা চালান না কেন, কোনও রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রংরুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট আইনজীবী সূর্যলীল দাস নিজে উপস্থিত থেকে ওঁকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন যাতে উনি কোনও অসৎ উপায় অবলম্বন করতে না পারেন।' ছবিতেও দেখা গিয়েছে সূর্যনীল দাসকে। তাঁর উল্টোদিকেই বসে থাকতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.
মমতার আশঙ্কা
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'পোস্টাল ব্যালট এ দিক ও দিক করা হচ্ছে।' স্ট্রংরুমের বাইরেও সিসি ক্যামেরা রাখার দাবি তুলেছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। মমতা বলেন, 'এখানে আমার কেন্দ্রের EVM রয়েছে। নেতাজি ইন্ডোর সহ অনেক জায়গায় EVM কারচুপির অভিযোগ এসেছে। ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাই এখানে এসেছি। এক পাক্ষিক কাজ হচ্ছে।'
মমতা স্ট্রংরুমে থাকাকালীন শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে তৃণমূলের একটি প্রচার ভ্যান এসে দাঁড়ায়। পুলিশ কেন সেটাকে ঢুকতে দিল এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা।
কী জানিয়েছে কমিশন?
নির্বাচন কমিশনের দাবি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের করিডরে বসে যে পোস্টাল ব্যালট পৃথকীকরণের কাজ চলছিল, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে আগেই ই-মেল করে জানানো হয়েছিল। স্ট্রংরুমে বিদ্যুৎ সংযোগ রাখা যায় না। আইন মেনে তাই টর্চ নিয়ে কাজ চলছিল। ভোটগ্রহণের পরে EVM স্ট্রংরুমে সিল করা রয়েছে। স্ট্রংরুমগুলি সিল করা এবং বন্ধ রয়েছে। ভিতরে CCTV বসানো রয়েছে, তার ফুটেজ বাইরে থেকে দেখা যাচ্ছে।