
সঙ্গীত শিল্পী কেকের (KK) মৃত্যুকে তোলপাড় পড়ে গিয়েছে চারিদিকে। আয়োজকদের বিরুদ্ধে তোপ দেগেছেন অনেকেই। এই নিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক অভিযোগ-পালটা অভিযোগও। আর এরই মাঝে এবার স্থগিত হল আগামী ৮ জুন হতে চলা সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট।
চলতি মাসের ৮ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুরেন্দ্রনাথ কলেজের (Surendranath College Kolkata) ফেস্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সঙ্গীত পরিবেশন করতে আসার কথা ছিল সুনিধি চৌহ্বান ও জুবিন গর্গের। চলছিল প্রস্তুতিও। কিন্তু তারই মাঝে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আকস্মিক মৃত্যু হল সঙ্গীত শিল্পী কেকের। আর তারপরেই হঠাৎ দেখা গেল ফেস্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে কলেজের তরফে জানানো হয়েছে যে, আপাতত ফেস্ট হচ্ছে না। ফেস্টের প্রধান দুই শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg) ও সুনিধি চৌহ্বানকেও (Sunidhi Chauhan) এই বিষয়ে জানানো হয়েছে। যদিও সরকারি তরফে জানানো হয়েছে, জুনের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অনুষ্ঠানের কারণে সুরেন্দ্রনাথ কলেজকে ফেস্টের অনুমতি দেওয়া যায়নি।
এদিকে এই বিষয়ে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে রাজ্য সরকারও। সংবাদমাধ্যমকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, 'নজরুল মঞ্চের ঘটনা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত।' এর পর থেকে যে কোনও কলেজ ফেস্টে সরকারের নজর থাকবে। আর শুধু তাই নয়, কড়া পদক্ষেপ লালবাজারেও। কলকাতা পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, নজরুল মঞ্চ-সহ যে কোনও অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করতে হলে জানাতে হবে লালবাজারকে। অডিটোরিয়ামের দর্শক ধারন ক্ষমতা কত এবং কত টিকিট দেওয়া হচ্ছে, তাও জানাতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের তরফে অন্তত পক্ষে একজন চিকিৎসক ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখতে হবে।