নন্দীগ্রামের শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এনিয়েই তোক দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “যাঁরা শহীদ হয়েছে তাঁদের কথা ভুলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছে। এটা বাংলার রাজনীতিতে নতুন কিছু নয়, আগেও চলত এখনও চলছে।” পাশাপাশি তৃণমূলের ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্পকে ফের একবার কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “দিল্লির দূতরা এখন ব্যাঙ্ক ও বিডিও অফিসে পৌঁছে যাচ্ছে। সেই ভয়েতে তৃণমূলের লোকেরা এখন থরহরি কম্পমান। যেটা উনারা করতে চাইছেন ‘সুরক্ষা কবচ’ সেটা এখন তৃণমূলের নেতাদের লাগবে।” পাশাপাশি তিনি এও বলেন, “পরিস্থিতি যা বহু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ওখানে আর ভদ্রলোকদের থাকার মত জায়গা নেই।”