এবার দুর্গাপুজোর বিরাট বিপর্যয়ের সাক্ষী হয়েছে কলকাতা। চোরবাগানের ১৯ জনের মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হল, কেন সেই রাতে এমন দুর্ঘটনা ঘটল? দুর্ঘটনা কি মণ্ডপের মধ্যেই ঘটেছে? এ নিয়ে মুখ খুলেছেন তদন্তকারী দলের (সিট) প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তিনি জানান, মণ্ডপে আলো ছিল কম। প্রবেশ ও বেরনোর রাস্তা সরু ছিল। এর ফলে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমলে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা ছয় সদস্যের SIT-এর চেয়ারপার্সন সরস্বতী জানান, পুলিশ আধিকারিকরা তাঁকে জানিয়েছেন, মণ্ডপে এমার্জেন্সি এক্সিটের একটি পথ ছিল। কিন্তু দুর্ঘটনার সময় সেটি বন্ধ ছিল। তিনি আরও বলেন, 'ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের সঙ্গে কথা বলবে সিট। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে উদ্ধারকাজে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজও। সেটাও খতিয়ে দেখা হবে। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল কি না, সেটাও যাচাই হবে। এবং তদন্তের আওতায় কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ভূমিকাও খতিয়ে দেখা হবে।' পাশাপাশি প্রতিমা নিরঞ্জন নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মণ্ডপটিকে বর্তমান অবস্থাতেই রাখতে হবে। তদন্তের কাজে যাতে কোনও অসুবিধা না হয়, তাই এই সিদ্ধান্ত। তবে মণ্ডপের কাঠামোর কোনও ক্ষতি না করে প্রতিমা নিরঞ্জন করা যেতে পারে। ঘটনাস্থলের একটি নকশা তৈরি করা হচ্ছে। সেটিও খতিয়ে দেখা হবে।'