'উনি আগেও দিল্লি গিয়েছিলেন। পরিবর্তনের হাওয়ায় যদি কারও মধ্যে পরিবর্তন হয় সেটা তো ভাল কথা। কেউ যদি উন্নয়নের সঙ্গে আসতে চায়, সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়, সেটা ভাল জিনিস। মুখ্যমন্ত্রী নিজে গিয়েছেন। নিশ্চয়ই ওদের মধ্যে কথাবার্তাও হয়েছে।' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের অবস্থান নিয়ে সাবধানী মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। পাশাপাশি ভাইফোঁটার দিন সকালে ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল নিয়ে এদিন তিনি বলেন, 'সবাই পাওয়ারের ফোঁটা নিতে যেতেন। আজ পাওয়ার নেই তাই না ফোঁটা আছে, না দিদি-ভাই আছে। যারা কেবল ক্ষমতার ব্যবহার করে সবকিছু করেন তাদের এই দুরাবস্থাই হবে। উনার কাছে যারা আসতো, কেউ মমতা ব্যানার্জির ফোঁটা নিতে আসতেন না। মুখ্যমন্ত্রীর ফোঁটা নিতে আসতেন। আজ মুখ্যমন্ত্রী নাই তাই ফোঁটাও নাই।'