
Papaya Aloo Bori Jhol: খুব সাধারণ কিছু দিয়েই যদি সুস্বাদু পদ বানাতে চান, তা হলে পেঁপে-আলু বড়ির ঝোল বানিয়ে দেখতে পারেন। মেদিনীপুরের গ্রাম বাংলায় এই ধরনের নিরামিষ রান্নার চল বহু দিনের। অল্প উপকরণে তৈরি হয়। খরচও বেশি নয়। কিন্তু গরম ভাতের সঙ্গে এর স্বাদ একেবারে অন্য রকম। টিফিনে রুটি-পরোটা দিয়েও সুস্বাদু।
কাঁচা পেঁপে, আলু আর ডালের বড়ি; এই তিনটি উপকরণই এই রান্নার মূল আকর্ষণ। তার সঙ্গে কয়েকটি সাধারণ মশলা। ব্যস, তৈরি হয়ে যাবে ঘরোয়া স্বাদের একটি নিরামিষ তরকারি।
এই রান্নায় ঝোল একটু পাতলা রাখা যায়। আবার চাইলে মশলা দিয়ে ঘন করেও রান্না করা যায়। দুপুরে গরম ভাতের সঙ্গে এই তরকারি বেশ ভাল লাগে। বিশেষ করে যাঁরা কম মশলার রান্না পছন্দ করেন, তাঁদের জন্য এটি সহজেই পছন্দের পদ হয়ে উঠতে পারে।
কী কী লাগবে?
এই রান্নার জন্য লাগবে কাঁচা পেঁপে, আলু এবং ডালের বড়ি। সঙ্গে প্রয়োজন সর্ষের তেল, হলুদ, নুন, জিরে, আদা বাটা এবং সামান্য জিরে গুঁড়ো। ঝালের জন্য কাঁচালঙ্কা দেওয়া যায়। স্বাদ বাড়াতে সামান্য চিনি ব্যবহার করা যেতে পারে।
প্রথমে কাঁচা পেঁপে এবং আলু খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে কেটে নিন। ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এ বার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেলে প্রথমে বড়িগুলি ভেজে তুলে রাখুন। বড়ি যেন খুব বেশি পুড়ে না যায়। হালকা লালচে হলেই যথেষ্ট।
এর পরে একই কড়াইতে আলু দিয়ে ভাজতে হবে। আলুতে সামান্য হলুদ এবং নুন মাখিয়ে নিলে রান্নার সময় স্বাদ ভাল হয়। আলু হালকা ভাজা হয়ে গেলে পেঁপের টুকরো দিয়ে দিন।
এ বার কড়াইতে জিরে ফোড়ন দিন। সঙ্গে কাঁচালঙ্কা দেওয়া যায়। আদা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। হলুদ, জিরে গুঁড়ো এবং প্রয়োজনমতো নুন দিয়ে মশলা নাড়তে থাকুন। মশলা যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, সে দিকে নজর রাখতে হবে।
পেঁপে এবং আলু মশলার সঙ্গে ভাল করে মিশে গেলে পরিমাণমতো জল দিন। এ বার ঢাকনা দিয়ে রান্না হতে দিন। পেঁপে এবং আলু নরম হয়ে এলে ভাজা বড়িগুলি কড়াইতে দিয়ে দিন।
বড়ি দেওয়ার পরে খুব বেশি ক্ষণ রান্না করার দরকার নেই। কারণ বেশি ক্ষণ ফুটলে বড়ি একেবারে গলে যেতে পারে। ঝোলের স্বাদ ঠিক রাখতে শেষে সামান্য জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায়। চাইলে এক চিমটি চিনি দিয়েও স্বাদ ব্যালেন্স করা যায়।
গ্রাম বাংলার রান্নায় এমন অনেক পদ রয়েছে, যেখানে সবজির স্বাদটাই প্রধান হয়ে ওঠে। পেঁপে ও আলুর সঙ্গে ডালের বড়ির স্বাদ সেই ঘরোয়া রান্নার কথাই মনে করিয়ে দেয়।