
আজ থেকে সূচনা হল নতুন বছরের। পয়লা বৈশাখ মানেই পুরনো সব ভুলে নতুনকে স্বাগত জানানো। এই দিনটি বাঙালিদের কাছে নতুন করে আবেগ জাগায়। পয়লা বৈশাখ মানেই সাজো সাজো রব গোটা বাঙালি জাতির মধ্যে।
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ এপ্রিল ২০২৩ থেকে শুরু হবে বৈশাখ মাস যা চলবে ১৪ মে ২০২৩ পর্যন্ত। জ্যোতিষ মতে, বছরের এই প্রথম মাসের গুরুত্ব কিন্তু অসীম। হিন্দু ধর্মে যেমন শ্রাবণ হল শিবের মাস তেমনই বৈশাখ হল শ্রী বিষ্ণুর মাস। এইমাসে গঙ্গাস্না, দান-ধ্যান, দরিদ্র সেবা, পূজার্চনা, মন্ত্রপাঠ করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। বৈশাখ মাসে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। আসুন জেনে নেওয়া যাক এই মাসে কী করবেন আর কী করবেন না।
বৈশাখ মাসে কী করবেন
-বৈশাখ মাস থেকেই শুরু হয় গ্রীষ্মকাল। তাপদাহে হাঁসফাঁস অবস্থা হয় মানুষজনের। তাই এই সময় পথচারীদের জল খাওয়ান। তৃষ্ণার্ত ব্যাক্তিকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়।
-বৈশাখ মাসে পশু-পাখিরদের জন্যও খাবার ও জলের ব্যবস্থা করুন। প্রচণ্ড গরমে নদী-নালা, খাল-বিল সব শুকিয়ে যায়। জলের অভাবে কষ্ট পায় পশু-পাখিও। তাই এই সময় পশু-পাখিদেরও জল খাওয়ান।
-হিন্দু শাস্ত্র মতে, এই মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাজসূয় যজ্ঞ করার সমান পূণ্যফল লাভ হয়। বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো, চপ্পল দান করা খুব শুভ বলে মনে করা হয়।
-বিশালাকার গাছের সেবাও করা উচিত এই সময়। বৈশাখ মাসে শ্রী বিষ্ণুর আরাধনা করলে বিশেষ পূণ্যফল লাভ হয়। এ মাসে ভগবান বিষ্ণু নানা অবতারে আবির্ভূত হয়েছেন। প্রতিদিন ১১ বার 'ওঁ মাধবায় নমঃ' মন্ত্রটি জপ করুন। এতে সংসারের যাবতীয় দুঃখ-দুর্দশা দূর হয়।
আরও পড়ুন: সূর্যগ্রহণে এক সপ্তাহ সতর্ক থাকুন ২ রাশি, ৫ রাশির হাতে টাকা
-এই মাসেই পড়ে পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া। মা লক্ষ্মীকে প্রসন্ন করতে অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রুপোর সামগ্রী কিনুন। এ ছাড়া, বৈশাখ মাসে জমি, বাড়ি, গাড়ি কেনাও খুব শুভ।
বৈশাখ মাসে কী করবেন না
-বৈশাখ মাসে ভুলেও জল নষ্ট করবেন না। কারণ এই মাসে সবচেয়ে বেশি জলের আকাল দেখা যায়। জল অপচয় করলে ভগবানও রুষ্ট হয়।
-বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না এই মাসে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে, ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন।
-বেশি তেল-মশলাদার খাবার খাবেন না। কারণ প্রচণ্ড গরমে শরীর খারাপ হয়ে যেতে পারে।