মঙ্গলবারের রাত ছিল দুনিয়াজুড়ে লিওনেল মেসির ফ্যানদের কাছে একটি আবেগঘন রাত। গোটা বিশ্ব দেখল, খেলা শেষের পরে মেসি মাঠে দাঁড়িয়ে কাঁদছেন। কাঁদছে গোটা স্টেডিয়ামও।
আর্জেন্টিনার মাটিতে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ শেষে মেসিকে দেখা গেল, অঝোরে কাঁদছেন। আসলে তিনি তো শুধু ফুটবল ভালোবাসেন না, দেশকেও ততধিক ভালোবাসেন।
আর যে আর্জেন্টিনা তাঁকে আজ বিশ্বমঞ্চে তুলে ধরেছে, সেই দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার আবেগ অন্যরকম হবেই। এরপর মেসিকে ফের দেখা যাবে, FIFA বিশ্বকাপে। আর্জেন্টিনার জার্সি গায়ে। তবে এই বিশ্বকাপও সম্ভবত মেসির জীবনের শেষ বিশ্বকাপ হতে চলেছে।
৩৮ বছর বয়সি মেসি বর্তমানে ইন্টার মিয়ামির তারকা ফুটবলার। কিক-অফের আগে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
গ্যালারি থেকে ভেসে আসা স্লোগান, গান এবং সমর্থকদের ভালোবাসা তিনি অনুভব করছিলেন। স্টেডিয়ামের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজের দেশের সমর্থকদের সামনে বিদায়ী ম্যাচে মেসি চোখের জল মুছছেন।
মাঠেও রাতটিকে স্মরণীয় করে রাখেন মেসি। বিশ্বকাপের আগে বিদায়ী প্রীতি ম্যাচে ৫-০ গোলে জাম্বিয়াকে হারানোর ম্যাচে তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। দেশের মাটিতে শেষ ম্যাচেও মেসি ম্যাজিক দেখল বিশ্ব।
মেসি বর্তমানে আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচ খেললেন। অভিজ্ঞ এই ফরোয়ার্ড ম্যাচের চতুর্থ মিনিটে জুলিয়ান অ্যালভারেজের গোলে অ্যাসিস্ট করেন এবং ৪৩তম মিনিটে নিজেও গোল করেন, বুয়েনস আইরসে উপস্থিত দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন। মেসি ও আলভারেজ ছাড়াও বারকো ও নিকোলাস ওটামেন্ডি গোলের তালিকায় নাম লেখান।
এই আবেগঘন মুহূর্ত আরও বিশেষ হয়ে ওঠে যখন সমর্থকরা দাঁড়িয়ে মেসিকে সম্মান জানান। স্টেডিয়ামজুড়ে স্লোগান ওঠে, সমর্থকরা তাদের অধিনায়ককে আরেকটি বিশ্বকাপ জেতানোর আহ্বান জানান।
আসন্ন FIFA World Cup 2026 শুরু হবে ১১ জুন আমেরিকা, কানাডা ও মেক্সিকো হবে। বুয়েনস আইরেসের এই বিদায়ী পরিবেশ যেন ফুটবলের এক মহাতারকার প্রতি শ্রদ্ধার্ঘ্য হয়ে উঠেছিল।
জাম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি সতর্কবার্তা দিয়েছিলেন, দলের পারফর্ম্যান্স উন্নত না হলে ২৬ সদস্যের বিশ্বকাপ দলে বড় সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত। এই উদ্বেগ তৈরি হয়েছিল গত শুক্রবার মৌরিতানিয়ার বিরুদ্ধে ২-১ গোলের জয় সত্ত্বেও হতাশাজনক পারফর্ম্যান্সের কারণে।
স্কালোনি বলেন, 'ইতিমধ্যেই ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দেওয়া হয়েছে, যা পরে FIFA-এর কাছে পাঠানো হবে। চূড়ান্ত ২৬ জনের দল বেছে নিতে পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড় ছাঁটাই করতে হবে।'
তবে জাম্বিয়ার বিরুদ্ধে দারুণ পারফর্ম্যান্স করে আর্জেন্টিনা আবার তাদের সেরা ছন্দে ফিরে এল। বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচে স্কালোনি প্রায় একই দল নামান, যারা ২০২২ সালের ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল। বিশ্বকাপ জিতেছিল।