
bangla.aajtak.in অনেক আগেই জানিয়েছিল ২০২৬-২৭ মরসুমে ইমামি আর ইস্টবেঙ্গলের ইনভেস্টর হিসেবে থাকছে না। তার জায়গায় ৫টি কো স্পন্সর নিয়ে খেলতে নামবে আইএসএল চ্যাম্পিয়নরা। ইমামির ইনভেস্টর হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে। আর এবার জানা গেল, তিন কো স্পন্সর নিয়ে নামছে ইস্টবেঙ্গল। ইমামি ইনভেস্টর হিসেবে চলে যাওয়ার পর, কীভাবে একের পর এক কোচ ফুটবলার সই করাচ্ছে তারা? এটাই ছিল সমর্থকদের প্রশ্ন।
কোন কোন কো স্পন্সরকে নিয়ে দল গড়ছে ইস্টবেঙ্গল?
আপাতত তিনটি কো স্পন্সর নিয়ে নামতে চলেছে লাল-হলুদ। এই তিন স্পন্সর হতে চলেছে আমুল, ইমামি ও জুপিটার ওয়াগানস। এই তিন কো স্পন্সরের নাম সরকারিভাবে ঘোষণা করেনি ক্লাব। এর মধ্যেই একাধিক ফুটবলারের সঙ্গে কোচকেও সই করিয়েছে লাল-হলুদ। আর সেই কারণেই ফ্যানদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। উদ্বেগ ছিল, যদি ইমামি সরে যায় তা হলে টাকা দেবে কারা? এই উদ্বেগের মধ্যে বড় খবর পেয়ে গেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
কোচ করা হয়েছে হাবাসকে
ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচ আন্তনিও লোপেজ হাবাসকে কোচ করেছে। আইএসএলজয়ী কোচের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের। গত মরসুমে তিনি ছিলেন ইন্টার কাশীর কোচ। হাবাসের সহকারী হিসাবে আসছেন আর এক অভিজ্ঞ কোচ কার্লোস আগুস্তিন ফনসেকা তেজেইরো। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং অতীত সাফল্যের কথা বিবেচনা করেই হাবাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একাধিক ফুটবলারকে সই করাচ্ছে লাল-হলুদ
মরসুম শুরুর আগে দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল। একসঙ্গে তিন ফুটবলারকে সই করিয়ে চমক দিল তারা। রক্ষণের শক্তি বাড়াতে শ্রীনিধি ডেকান থেকে তিন বছরের চুক্তিতে এসেছেন প্রতিভাবান রাইট ব্যাক হার্দিক ভাট। মাঝমাঠের শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন কাশ্মীর উপত্যকার 'ছো লেপার্ড' খ্যাত ভারতীয় মিডফিল্ডার দানিশ ফারুখ। তিনি দুই বছরের চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত সই করেছেন। মাঝমাঠে ম্যাজিক দেখাতে এক বছরের চুক্তিতে এসেছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজ।
এই তিন তারকার যোগদানে দলের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করছেন লাল-হলুদ সমর্থকরা। নতুন মরশুমের আগে এই তিন সাইনিংয়ে দারুণ উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট ও আপামর লাল-হলুদ ভক্তরা।
এদিকে ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হিসেবে জুড়তে পারেন প্রাক্তন গোলকিপার শুভাশিস রায় চৌধুরী। এর আগে মহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে থাকলেও সুত্রের খবর, তিনি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।