
ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক নিয়ে সংশয়। প্রথমে কোচ অস্কার ব্রুজোর ইস্তফা। আর সেই দিনই ভবিষ্যৎ নিয়ে বড় সমস্যায় লাল-হলুদ। আইএসএল জেতার পর আগামী মরসুমের দলগঠন নিয়ে ঝাঁপানোর কথা ছিল লাল-হলুদের। সেইমতো সোমবার বৈঠকে বসে দুই পক্ষ। তবে সমাধানসূত্র এখনও অধরাই। স্বাভাবিক ভাবেই মন খারাপ সমর্থকদের।
দীর্ঘ ২২ বছর পর ট্রফি জেতার আনন্দে মেতে ওঠা ইস্টবেঙ্গল সমর্থকরা হতাশ হবেন। সামনেই এএফসি কাপ খেলতে হবে ইস্টবেঙ্গলকে তবে তার আগে এই সমস্যা সমাধান হওয়া খুব জরুরী ছিল। নতুন মরসুমে কোচ কে হবেন? দলে কোন কোন তারকা থাকবেন সে সবটাই এখনও অজানা।
বৈঠকে মিলল না সমাধান
সোমবার ইমামি অফিসে দীর্ঘ সময় বৈঠক করে ইমামি ও ইস্টবেঙ্গল। সেই বৈঠক শেষে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে স্পষ্ট কোনও সিদ্ধান্ত না জানালেও, বৈঠকে থাকা এক কর্তা জানান, 'ক্লাবের পক্ষ থেকে ইনভেস্টর হিসেবে ইমামিকে রেখে দেওয়ার চেষ্টা চলছে। সম্ভাবনা ৫০-৫০।' তবে বৈঠক সেরে বেরিয়ে এসে কোনও কথাই বলতে চাননি কোনও পক্ষ। এদিন ইস্টবেঙ্গলের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার, সদানন্দ মুখোপাধ্যায়, রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায় ও প্রণব দাশগুপ্ত।
বড় সমস্যায় ইস্টবেঙ্গল
মরসুম শেষ হতেই বৈঠকে বসেছিলেন দুই পক্ষের কর্তারা। তবে আগামী মরসুমের ব্যাপারে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এর ফলে পরের মরসুমের দল গঠন যেমন সমস্যায় পড়ল তেমনই সমস্যা হল এএফসি কাপ নিয়েও। অন্যদিকে চির প্রতিদ্বন্দী মোহনবাগান সুপার জায়েন্ট নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর নতুন ফুটবলার সই করার ব্যাপারেও তাঁরা অনেকটাই এগিয়ে গিয়েছেন। ফলে ফের পেছনে পড়ে যেতে পারে লাল- হলুদ ব্রিগেড। যদি ইমামির সঙ্গে সত্যিই সম্পর্ক ছিন্ন হয়, তা হলে সমস্যা আরও বাড়বে। দল চালানোর যে বিপুল খরচ তা বইতে হবে ক্লাবকে। সে কারণেই দ্রুত সমাধান জরুরি ইস্টবেঙ্গলের জন্য।