
শঙ্কার কালো মেঘ থেকে আশার আলো ইস্টবেঙ্গলে। চেন্নাইয়েন ম্যাচে খেলতে পারবেন ইস্টবেঙ্গলের প্রাণভোমরা মহম্মদ রশিদ। এমআরআই রিপোর্ট দেখে ঠিক এমনই মত ডাক্তারদের। ইস্টবেঙ্গল সূত্রের খবর চিন্তার কোনও কারণ নেই সমর্থকদের। রবিবার অনুশীলনে চোট পান রাশিদ। তাঁর চোট দেখে এতটাই গুরুতর মনে হয়েছিল, যে অনেকেই মনে করেছিলেন গোটা মরসুম তিনি মাঠের বাইরে।
তবে এমআরআই রিপোর্ট আসার পর দেখা গেল, সুস্থ হয়ে উঠতে বেশি সময় লাগবে না এই তারকা মিডফিল্ডারের। ফলে গত প্রায় বেশ কয়েক ঘন্টার টেনশন থেকে মুক্তি পেলেন লাল-হলুদ সমর্থকরা। দল পাঁচ নম্বরে নেমে গেলেও, সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে মরিয়া অস্কার ব্রুজোর ছেলেরা। তবে ইস্টবেঙ্গল শিবিরের জন্য আরও একটা স্বস্তির খবর, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেলেও, ফিট হচ্ছেন আনোয়ার আলি। অনেকটা সময় পাচ্ছে ইস্টবেঙ্গল তাদের ফুটবলারদের রিকোভারির জন্য। সুযোগ রয়েছে লিগ টেবিলের শীর্ষে ওঠারও। ফলে ঝাঁপাতে চাইবে লাল-হলুদ। বিশেষ করে যে সময় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্ট পরপর পয়েন্ট হারাচ্ছে।
একরাশ উৎকণ্ঠা নিয়ে তাঁর রিপোর্টের অপেক্ষা করছেন কোচ অস্কার। কারণ রশিদ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিতে অস্কারের সব থেকে বড় অস্ত্র। তিনি যদি কয়েক ম্যাচের জন্য বাইরে চলে মান, তাহলে বড় সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল।
পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেল লাল-হলুদ
আইএসএলের পয়েন্ট টেবিলে ওপরের দিকে যাওয়ার নতুন করে পাওয়া এই সুযোগের সদ্ব্যবহার করতে হলে রশিদকে দলে পেতেই হবে। অন্যদিকে আনোয়ারের চোট থাকলেও, তাঁকে আগামী ম্যাচে পাওয়া যাবে বলেই আশাবাদী ইস্টবেঙ্গল শিবির। তবে একের পর তারকা ফুটবলারের চোট সেই আশা অনেকটাই ফিকে করে দিয়েছে। ইতিমধ্যেই চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমে গিয়েছে দল। ফলে ফিরে আসার লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবার জায়গায় নেই ইস্টবেঙ্গল শিবির।