
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে দর্শক ঢোকার ব্যাপারে বিসিসিআই-এর (BCCI) অনুমতি চাইল সিএবি। তিন ম্যাচের এই সিরিজে দর্শক আসার ব্যাপারে অনুমতি পাওয়া যাবে বলেই আশাবাদী বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ফ্লাড লাইট সংস্কারের কাজও দ্রুত শেষ করতে চাইছে সিএবি (Cricket Association of Bengal)। এখন ইডেনে মেটাল হ্যালাইড রয়েছে। একবার এই আলো নিভে গেলে ফের জ্বলতে সমস্যা হয়। আলো গরম হতে ১০ থেকে ১৫ মিনিট সময় নেয়। ফলে কোনও ভাবে বিদ্যুৎ-এর সমস্যা হলে ফের আলো জ্বলতে সময় লেগে যায়। এই মেটাল হ্যালাইডের জায়গায় এবার বসতে চলেছে এলইডি আলো। এই আলোর গরম হওয়ার ঝামেলা নেই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে বাংলার দুই ক্রিকেটার ছিলেন। একজন রবি কুমার ও অন্যজন অভিষেক পোড়েল। এই দুই ক্রিকেটারকেই সংবর্ধিত করতে চায় সিএবি। বুধবার রাতে শহরে এসে পৌঁছান দুই ক্রিকেটার। বিমানবন্দরে তাঁদের সঙ্গে দেখা করেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া। বৃহস্পতিবারই রঞ্জি খেলতে বায়োবাবলে প্রবেশ করেছে বাংলা দল। এই দলে রয়েছেন রবি ও অভিষেক। তাই এখনই এই দুই ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পারছে না সিএবি। কবে এই সংবর্ধনা দেওয়া হবে তা ঠিক করতে বৈঠকে বসবেন সিএবি-র আধিকারিকরা।
কোভিড সংক্রমণ কিছুটা কমায় কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে। সেই কারণে ইউনিভার্সিটি ক্রিকেট চালু করার কথা ভাবছে সিএবি। ইতিমধ্যেই মহিলাদের ক্রিকেট চালু হয়ে গিয়েছে। তবে এখনও প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগ শুরু করা যায়নি। ১৬ ফেব্রুয়ারি থেকে এই দুই ডিভিশনের খেলা চালু হবে। সেই কারনে দ্রুত সূচী প্রকাশ করতে বলা হয়েছে এই সভায়। ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন ক্রিকেটাররা।