
আইপিএল-এর (IPL 2023) প্রথম ম্যাচ খেলতে নেমেই দারুণ হাফ সেঞ্চুরি করলেন আরসিবি (Royal Challengers Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf du Plessis) ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) কার্যত উড়িয়ে দিয়ে ৮ উইকেটে জয় পেল ব্যাঙ্গালোর। টসে জিতে রোহিত শর্মাদের (Rohit Sharma) ব্যাট করতে পাঠান ফাফ। শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে চারবারের চ্যাম্পিয়নরা।
তাঁদের ইনিংস শেষ হয়, ১৭১ রানে। টপ অর্ডার ব্যর্থ হলেও তিলক ভর্মার ব্যাটে ভর করে সম্মানজনক স্কোর করে মুম্বই। ৪৬ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। বিশেষ করে স্লগ ওভারে ঝড় তোলেন মুম্বই ব্যাটাররা। ৪ ওভারে ৩২ এয়ান দিয়ে ২ উইকেট তুলে নেন করণ শর্মা। মহম্মদ সিরাজ, রেস টপলে, আকাশ দীপ, হার্ষাল প্যাটেল ও ব্রেসওয়েল একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে স্বপ্নের শুরু করেন বিরাট ও ফাফ। আরসিবি অধিনায়ক যখন আউট হন, তখন তাঁর নামের পাশে ৭৩ রান। বাকি মাত্র ২৩ রান। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটা চার ও ছ'টা ছক্কা। স্ট্রাইক রেট ১৬৯.৭৬। অন্যদিকে মাত্র ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ছ'টা চার ও পাঁচটা ছক্কায় সাজান তাঁর ইনিংস। অধিনায়ক আউট হওয়ার পর দ্রুত ম্যাচ শেষ করতে নামানো হয় দীনেশ কার্তিককে। যদিও খালি হাতেই ফিরতে হয় উইকেটকিপার ব্যাটারকে। এরপর ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল দুটো ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন।
মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট পান আর্শাদ খান ও ক্যামেরন গ্রিন। তবে তাতেও হার আটকানো যায়নি। ২২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আরসিবি।