
Duare Sarkar, Lakshmi Bhandar: রাজ্যের মহিলাদের জন্য সুখবর! ফের আবেদন করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmi Bhandar Scheme)। আজ, ১ নভেম্বর থেকে বাংলায় শুরু হয়েছে 'দুয়ারে সরকার' (Duare Sarkar) কর্মসূচি, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আর এই কর্মসূচির একাধিক দিকের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যেও আবেদন করা যাবে।
রাজ্যের প্রায় ১ কোটি ৬৯ লক্ষের বেশি মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন। দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচির আওতায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদির ত্রুটি সংশোধন বা পরিবর্তনের পাশাপাশি তালিকায় যাঁদের নাম নেই, তেমন যোগ্য মহিলাদের নামও নতুন করে তোলা যাবে। প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে এবার নতুন নামও তোলা যাবে।
বাংলার গৃহবধূদের আর্থিক সহায়তা দিতে গত বছর ১ সেপ্টেম্বর থেকেই চালু হয় 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প (Lakshmi Bhandar Scheme)। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য পান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ টাকার অঙ্ক দুটি শ্রেণিতে বিভক্ত। এ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে তফসিলি জাতি-উপজাতির ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে সরকারি সাহায্য পান। পাশাপাশি সাধারণ শ্রেণির (জেনারেল) মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সাহায্য পান রাজ্য সরকারের তরফে।
এবারের দুয়ারে সরকার (Duare Sarkar)-এর শিবির থেকে মোট ২৫টি সরকারি প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হবে। এই তালিকায় রয়েছে, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জাতি শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জহর, কৃষকবন্ধু, ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা, আধার সংক্রান্ত সমস্যা, কৃষি জমি মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবীদের নথিভুক্তীকরণের মতো বিষয়গুলি রয়েছে।