
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে হঠাৎই মানুষের স্বাস্থ্যের কথা ভেবে দরদী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার গঙ্গাসাগর নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেখানে নিজের মত পোষণ করে সংবাদমাধ্যমকে অভিষেক জানান,"আমার ব্যক্তিগত মত, আগামী দু’মাস সমস্ত কর্মসূচি বন্ধ রাখা হোক। নির্বাচন পরেও করা যাবে। মানুষ বাঁচলে, আমরা বাঁচব।" এদিকে, গঙ্গাসাগর মেলা থেকে চার পুরসভায় নির্বাচন নিয়ে সরকার পক্ষের তৎপরতা তুঙ্গে।
ঠিক যা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, "আমার ব্যক্তিগত মত, আগামী দু’মাস সব কর্মসূচি বন্ধ রাখা হোক। পুরসভা নির্বাচনের ব্যাপারটা হাইকোর্টে বিচারাধীন। সেটা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। এই ব্যাপারে কিছু বলব না। পাঁচ রাজ্যে ভোট আছে। কিন্তু পজিটিভিটি রেট বাড়ছে। মানুষ বাঁচলে, আমরা বাঁচব। রাজনৈতিক লড়াই তো থাকবেই।"
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। যার মধ্যে গোয়ার মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, রাজ্যের ৪ পুরসভা নির্বাচন যদি হতে পারে, তবে পাঁচ রাজ্যে ভোট স্থগিতের দাবি তুললেন কেন অভিষেক?
অভিষেক প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলালের মন্তব্য
চার পুরসভায় নির্বাচন হলেও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন স্থগিতের পক্ষে কেন অভিষেক? এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, রাজ্যে পুরসভা নির্বাচন তো হচ্ছে। তৃণমূল গোয়া, ত্রিপুরাকেই লক্ষ্য করে এগোচ্ছে। সামনে গোয়ায় নির্বাচন। তবে গোয়াতে এখনও মাটি শক্ত হয়নি তৃণমূলের। নেতারা তৃণমূলে আসছেন, যাচ্ছেন। সেখানে এখনও দ্বিধা রয়েছে। এমনকি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ও তাঁরা নির্বাচন পিছানোর দাবি করেনি। এমনিতেই গোয়ায় ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই করোনাকে কারণ দর্শিয়ে নির্বাচন পিছিয়ে গেলে খানিকটা সময় হাতে পেত তৃণমূল।
মানুষের স্বাস্থ্য নাকি রাজনীতির কথা ভেবে অভিষেকের এই মত?
মহানন্দা কাঞ্জিলাল আরও জানান, মানুষের স্বাস্থ্যের কথা ভেবে যদি কোনও রাজনীতি দল নির্বাচন পিছলে মানবিক দিক প্রকাশ পায়। তবে অভিষেক বন্দোপাধ্যায় বিধানসভা নির্বাচন পিছানোর দাবি করলেও রাজ্যের পুরভোটগুলিও পিছানোর দাবি করা উচিত। তা তো হচ্ছে না। তাই গোয়ার নির্বাচন যদি পিছিয়ে যায়, তবে রাজনৈতিকভাবে ফায়দা আসবে তৃণমূলের ঘরে।
অভিষেকের মন্তব্যে দিলীপ ঘোষ
অভিষেকের মন্তব্যে নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ সোমবার কটাক্ষ করে জানিয়েছেন, মুখে ডায়মন্ডহারবারের সাংসদ এমন কথা বললেও কমিনশনকে চাপ দিয়েই পুরভোট করাচ্ছে তৃণমূল। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্ায় ত্রিপুরা থেকে গোয়া বিভিন্ন রাজ্যে যেতে পারলেও রাজ্যের বিজেপি নেতাদের বাংলার বিভিন্ন প্রান্তে যাওয়ার অধিকার নেই বলেই অভিযোগ করেন দিলীপ ঘোষ।
কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশন চাইলেই চার পুরসভা নির্বাচনও স্থগিত করা যেত।