Advertisement

নিজের ওয়ার্ডেই হার, পুরভোটে পালিয়ে বেড়াচ্ছেন BJP বিধায়ক!

এখনও পর্যন্ত বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, সুমন কাঞ্জিলাল ভোটে দাঁড়াতে আগ্রহী নন। সে কারণে তিনি রবিবারের বৈঠক এড়িয়ে গিয়েছেন।

বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।
অসীম দত্ত
  • আলিপুরদুয়ার ,
  • 27 Dec 2021,
  • अपडेटेड 8:57 AM IST
  • রবিবার দলের জেলা কার্যালয়ে পুরভোট নিয়ে দলের বৈঠকে গরহাজির ছিলেন সুমন।
  • জানা গিয়েছে, পুরভোটে প্রার্থী হতে চান না তিনি।
  • সমস্ত অভিযোগ খণ্ডন করেছেন সুমন।

বিধানসভা নির্বাচনে জিতেছেন। তবে নিজের বুথেই ১৩১ ভোটে পিছিয়ে ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। সেই ক্ষত কি তাড়া করে বেড়াচ্ছে তাঁকে? পুরভোটের আগে দলের প্রচার-মিছিলে দেখা যাচ্ছে না বিধায়ককেই। আলিপুরদুয়ার পুরভোটে তাঁকে প্রার্থী করতে চাইছে দলের একাংশ। তবে অনীহা সুমন কাঞ্জিলালের। তবে সমস্ত অভিযোগ খণ্ডন করেছেন তিনি।     
   
রবিবার দলের জেলা কার্যালয়ে পুরভোট নিয়ে দলের বৈঠকে গরহাজির ছিলেন সুমন। জানা গিয়েছে, পুরভোটে প্রার্থী হতে চান না তিনি। সেজন্য কার্যত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দল প্রস্তাব দিলেও কেন গেরুয়া শিবিরের আলিপুরদুয়ারের পুরভোটে প্রার্থী হতে তাঁর আপত্তি? শোনা যাচ্ছে, নিজের ওয়ার্ডে জেতা নিয়ে আত্মবিশ্বাসী নন বিধায়ক। আলিপুরদুয়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তাঁর নিজের বুথেই ১৩১ ভোটে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীর কাছে পিছিয়ে ছিলেন। জেলায় গুঞ্জন, বিধানসভা ভোটে প্রবল বিজেপি হাওয়াতেও নিজের ওয়ার্ডের হেরে যাওয়ার পর সাহসে কুলোচ্ছে না বিজেপি বিধায়কের। 
 
রবিবার পুরভোট নিয়ে দলের বৈঠকে সুমন কাঞ্জিলালকে প্রার্থী করার প্রস্তাব দেন বিজেপি'র সরকারি কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক দেবকুমার শা। যদিও দলের গরহাজির ছিলেন বিজেপি বিধায়ক। বিজেপি'র শহর মণ্ডলের আহ্বায়ক প্রদীপ রায়ও জানিয়েছেন, পুরভোটে দাঁড়ানোর জন্য আলিপুরদুয়ারের বিধায়ককে দলের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক দেবকুমার বলেন,''পুরভোটে দলের একজন মুখ দরকার। সেই জন্য সংগঠনের তরফে সুমনবাবুকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্য নেতৃত্বের কাছেও।

এখনও পর্যন্ত বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, সুমন ভোটে দাঁড়াতে আগ্রহী নন। সে কারণে তিনি রবিবারের বৈঠক এড়িয়ে গিয়েছেন। বিধানসভা ভোটের পর বিজেপির সেই হাওয়া আর নেই। উপনির্বাচনের পর কলকাতা পুরভোটেও ভরাডুবি হয়েছে। তার উপর নিজের ওয়ার্ডেই হেরেছেন। সবমিলিয়ে প্রার্থী হতে চাইছেন না সুমন। তবে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়,''এসব ভিত্তিহীন অভিযোগ। দল আমাকে পুরভোটে দাঁড়ানোর কোনও প্রস্তাব দেয়নি। আমি পালিয়েও বেড়াচ্ছি না।''এনিয়ে বিজেপির নব নির্বাচিত জেলা সভাপতি ভূষণ মোদককে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। 

Advertisement

এই ঘটনায় গেরুয়া শিবিরকে বিঁধেছে শাসক দল। প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন,''বিজেপি বিধায়ক মানুষকে ভুল বুঝিয়ে জিতেছেন। বাপের বেটা হলে এবার নিজের ওয়ার্ডে পুরভোটে জিতে দেখান।'' তৃণমূল টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়ের কথায়,''বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে এই হুজুগে হাওয়ায় মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। এবার বিজেপির দিকে হাওয়া নেই। নিজের ওয়ার্ডে দ্বিতীয়বার হারার ভয়ে বিজেপি বিধায়ক পুরভোটে দাঁড়াতে চাইছেন না।''

Read more!
Advertisement
Advertisement