RSS প্রধান মোহন ভাগবত হিন্দুদের পথ প্রদর্শক। এমন মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, হিন্দুরা যখনই সঙ্কটে পড়েছে তখনই মোহন ভাগবতের মতো সংঘ প্রধানরা দিশা দেখিয়েছেন। বৃহস্পতিবার মুম্বইয়ে ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনসের একটি অনু্ষ্ঠানে জেন জি-দের উদ্দেশে একাধিক বার্তা দেন মোহন। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এক অর্থে হিন্দু সমাজের অভিভাবক, বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। সমাজ যখনই কোনও সমস্যার মুখোমুখি হয় বা তরুণ প্রজন্মকে ভুল পথে যেতে দেখা যায়, তখন তাঁদের কথা শোনা, পরিস্থিতি বোঝা এবং সঠিক পথ দেখানো তাঁর দায়িত্ব। তিনি বরাবরই সেই কাজ করে আসছেন।' পাশাপাশি যুব সমাজকে বার্তাও দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তাঁর কথায়, 'যুবক যুবতীরা হুজুগে কখনও সখনও দেশের বিরুদ্ধে উৎপাত করেন। প্রধানমন্ত্রী নিজে তাঁদের ক্ষমা করেছেন। সোশ্যাল মিডিয়া এবং বিদেশি এজেন্ট-সহ নানা মাধ্যমে তরুণদের ভুল পথে পরিচালিত করা হতে পারে। তবে তাঁদের কাউন্সেলিং এবং সঠিক দিশা দেখানো জরুরি। মোহনজি এগিয়ে এসেছেন। সেই কাজে। এটা প্রশংসার দাবি রাখে।'