প্রবল ঘূর্ণিঝড় 'আকভান' বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অর্থাত্ ২০ তারিখ দুপুরের মধ্যে উত্তর অন্ধপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে গোপালপুরের কাছাকাছি এলাকা দিয়ে। তার জেরে পশ্চিমবঙ্গে দুদিনই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী দুদিন দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পুরুলিয়াতে। পাশাপাশি এই দু দিন উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়ারও সতর্কতা থাকছে। তারপর আগামী ২১ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।