'পুলিশকে মানুষকে ন্যায় দিতে হবে। মানুষ তাঁদের ওপর ভরসা রাখতে ভুলে গেছে। ভরসা ফিরিয়ে আনতে গেলে পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে।' গাইঘাটা এনকাউন্টার নিয়ে কড়া প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আইনের ওপরে কেউ নেই। কেউ যদি আইনকে অমান্য করে তাহলে তার সঙ্গে এরকম হবে। ভয় এত সহজে কেউ পায় না। তবে আইন-কানুনের রাজত্ব প্রতিষ্ঠা হলে সবাই ভয় পাবে।' প্রসঙ্গত লক্ষ্মীরপুজোর সকালে গাইঘাটায় একাদশ শ্রেণির কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শনিবার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই কিশোরী। পরের দিন অর্থাত্ সোমবার সকালে এক আত্মীয়ের বাড়ির পিছনে, শৌচাগারের কাছ থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার। যার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে প্রহ্লাদ দাসকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পুনর্নির্মাণ পর্ব শেষে ফেরার সময়ে পুলিশকর্মীদের উপর হামলা করে অভিযুক্ত। কর্তব্যরত এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নেয়। পর পর তিন রাউন্ড গুলি চালায় প্রহ্লাদ। প্রাণ বাঁচানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। সে সময় এক পুলিশকর্মী জখম হন। একজন রাস্তার ধারের জলাশয়ে ঝাঁপ দেন। তার পরে আত্মরক্ষার জন্য চার রাউন্ড গুলি চালায় পুলিশও। তার মধ্যে একটি গুলি লাগে অভিযুক্তের গায়ে। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক প্রহ্লাদকে মৃত বলে ঘোষণা করেন।