রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মদন মিত্র? তাঁর বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে রাজনৈতিক লড়াইয়ের অন্যতম সঙ্গী মদন মিত্রের গলায় এখন রাজনীতি নিয়ে তীব্র ঘৃণা। এদিন একটি সাংবাদিক বৈঠকে মদন মিত্র বলেন, 'আমি নিজে ব্যক্তিগত ভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি, আস্তে আস্তে কতটা রাজনীতি থেকে সরে যাওয়া যায়।' কারণ হিসেবে তিনি নিম্নমানের রাজনীতিকেই দুষছেন। তাঁর মন্তব্য, 'যত দিন যাচ্ছে, রাজনীতির উপরে আমার ঘৃণা ছাড়া আর কিছু বাড়ছে না। একেবারে আমার মনের মধ্যে প্রতি মুহূর্তে বেরিয়ে আসছে, সবাই না-হলেও, রাজনীতি এখন স্কাউন্ড্রেলদের (বখাটে) শেষ রিসর্টে পরিণত হচ্ছে। স্কাউন্ড্রেলদের আস্তাকুঁড় হয়ে গিয়েছে।'