মঙ্গলবার কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছিলেন ঘাটালের সাংসদ দেব। এদিন বৈঠক করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের সাংসদ বলেন, 'আমি একজন সাংসদ হিসেবে এই বৈঠকে অংশ নিতে এসেছিলাম। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী বাজেটে এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করে দেবে। ২০২৯ সালের মধ্যেই এর কাজ শেষ হবে। ঘাটালবাসীর সবচেয়ে দুর্দশা, কষ্টের কারণ হল বন্যা। আমি ঘাটালবাসীকে যে স্বপ্ন দেখিয়েছি, তা পূরণ করা আমার লক্ষ্য।' পাশাপাশি দেব আরও বলেন "আমি সবসময় সৌজন্যের রাজনীতি করেছি। ভালোবাসার রাজনীতি করেছি। আমি আমার মঞ্চ থেকে আজ পর্যন্ত কাউকে অপমান করিনি। ২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত এমন কোনও কাজ করিনি যাতে মানুষের মনে হয় ভুল কাজ করেছে। আমি এখানে ঘাটালের মাস্টারপ্ল্যান নিয়ে কথা বলতে এসেছি। TMC-র একজন সাংসদ হিসেবে ঘাটালবাসীর স্বপ্নপূরণ করতে এসেছি।"