এই মুহূর্তে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ১১ তারিখ নাগাদ এটি আন্দামান সাগরে পৌঁছবে। এবং এর প্রভাবে আগামী ১৩ তারিখ নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে। ফলে আমাদের রাজ্যের উপর বিশেষ কিছু প্রভাব পড়বে না। আগামীকাল মহালয়ার দিন আমাদের রাজ্যের বেশিরভাগ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তারপরেও মূলত শুষ্ক আবহাওয়ায়ই থাকবে। এরপর আগামী ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এরপর আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ায়ই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল অর্থাৎ মহালয়ার দিন বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এরপর আগামী ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ১৬ ও ১৭ তারিখ ফের এক দুই জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর আগামী ২২ তারিখ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতার ক্ষেত্রে মহালয়ার দিন আংশিক মেঘলা আকাশ থাকবে, দু এক জায়গায় স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে। এরপর আগামী ১৫ থেকে ১৯ তারিখের মধ্যে মূলত মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।