Advertisement

বিশ্ব

Dubai Flights Cancelled List: দুবাই এয়ারপোর্টে হাজার হাজার যাত্রী আটকে, পরিস্থিতি কবে ঠিক হতে পারে? কত বিমান বাতিল? বিস্তারিত

Aajtak Bangla
Aajtak Bangla
  • দুবাই,
  • 02 Mar 2026,
  • Updated 10:51 AM IST
  • 1/10

ইরানের মিসাইল হামলায় টার্গেটে দুবাইও। রবিবার ইরানের মিসাইল আছড়ে পড়েছে দুবাই এয়ারপোর্টে। দুবাইয়ের একাধিক এলাকায় ড্রোন হামলা চলছে। যার নির্যাস, দুবাই সহ মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ করা হয়েছে সাময়িক ভাবে। ব্যাপক প্রভাব পড়েছে বিমান চলাচলে। বিশ্বের একাধিক দেশ যেতে হলে দুবাই বিমানবন্দর ব্যবহার করতে হয়। সেই দুবাইয়েই আটকে পড়েছেন প্রচুর যাত্রী।
 

  • 2/10

আজ অর্থাত্‍ সোমবারও পরিস্থিতি বেশ খারাপ। আজ সকালেও দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। মধ্যপ্রাচ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ওকাতার এয়ারওয়েজের প্রচুর বিমান বাতিল থাকছে আজও।  আপাতত জেড্ডায় সকাল ১১.৪০-এ একটি এবং শারজায় রাত ৯.২৫ মিনিটে একটি উড়ান চালু থাকলেও, দুবাই, মাসকাট, আবু ধাবি, বাহরিন, দাম্মাম ও দোহাগামী প্রায় ৩২টি উড়ান বাতিল। একাধিক এয়ারলাইন্সের ক্ষেত্রেই এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

  • 3/10

দুবাই প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন এলাকায় যে শব্দ শোনা গিয়েছে, তা সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ফল। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং নাগরিকদের শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য জানার অনুরোধ করা হয়েছে।
 

  • 4/10

মার্কিন যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের জেরে সোমবার একাধিক বিমানসংস্থা তাদের পরিষেবা স্থগিত রাখার সময়সীমা বাড়িয়েছে। এর মধ্যে রয়েছে Air India, IndiGo এবং Qatar Airways। একই সঙ্গে বন্ধ রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
 

  • 5/10

বিশ্বজুড়ে কয়েক হাজার যাত্রী আটকে পড়েছেন। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা FlightAware জানিয়েছে, রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী ২ হাজার ৭০০-র বেশি উড়ান বাতিল হয়েছে এবং ১২ হাজার ৩০০-র বেশি উড়ান দেরিতে চলছে।
 

  • 6/10

এক্স (X)–এ পোস্ট করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইজরায়েল ও কাতারগামী সমস্ত উড়ান ২ মার্চ ২০২৬ রাত ১১:৫৯ (IST) পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এছাড়া আজ অর্থাত্‍ ২ মার্চ ইউরোপগামী কয়েকটি বিমান এবং তাদের রিটার্ন লেগও বাতিল করা হয়েছে। বাতিল উড়ানের তালিকায় রয়েছে, AI117: অমৃতসর–বার্মিংহাম, AI151/152: দিল্লি–জুরিখ (এবং উল্টো দিক), AI157/158: দিল্লি–কোপেনহেগেন (এবং উল্টো দিক), AI114: বার্মিংহাম–দিল্লি।
 

  • 7/10

ইন্ডিগো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহারকারী নির্বাচিত আন্তর্জাতিক উড়ানগুলির সাময়িক স্থগিতাদেশ ২ মার্চ ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। যাত্রীদের ওয়েবসাইটে বাতিল উড়ানের তালিকা দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে। সংস্থার দাবি, যাত্রী ও কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

  • 8/10

মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একাধিক আন্তর্জাতিক বিমানসংস্থাও পরিষেবা বন্ধ রেখেছে। কাতারের আকাশপথ বন্ধ থাকায় কাতার এয়ারওয়েজ সাময়িকভাবে সব উড়ান স্থগিত করেছে। কাতার সিভিল অ্যাভিয়েশন অথরিটি নিরাপদ ঘোষণা করলে পরিষেবা পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।
 

  • 9/10

এছাড়া এমিরেটস দুবাই-সহ সব রুটে সাময়িকভাবে উড়ান বন্ধ রেখেছে ২ মার্চ স্থানীয় সময় বিকেল ৩টে পর্যন্ত। যাত্রীরা চাইলে ২০ দিনের মধ্যে নতুন তারিখে বিমান রিশিডিউল করতে পারবেন বা টিকিট বাতিল করে টাকা ফেরত চাইতে পারবেন।
 

  • 10/10

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল–আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান, ইরাক, ইজরায়েল, সিরিয়া, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহি, সব দেশই আংশিক বা সম্পূর্ণভাবে নিজেদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 

Advertisement
Advertisement