Advertisement

বিশ্ব

Nepal Flood: নেপালের সেই বন্যায় নিখোঁজ ২১৩ ভারতীয়ই মৃত, ঘোষণা প্রক্রিয়া শুরু, কারও আপত্তি থাকলে ফোন নম্বরও দেওয়া হল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কাঠমান্ডু,
  • 26 Nov 2026,
  • Updated 12:16 PM IST
  • 1/10

নেপালের সেই ভয়াবহ হড়পা বান ও বন্যায় ২১৩ জন ভারতীয় এতদিন নিখোঁজ ছিলেন। এর মধ্যে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর স্ত্রীও রয়েছেন। এ বার নেপাল প্রশাসন জানাতে শুরু করে দিল, ওই ২১৩ জন আর বেঁচে নেই। 
 

  • 2/10

গত অগাস্ট মাসে ত্রিশূলী ও ভোটে কোশী নদী অববাহিকায় ভয়াবহ হড়পা বানের পর থেকে তাঁদের কোনও সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর এবার তাঁদের আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার পথে এগোচ্ছে নেপাল সরকার।
 

  • 3/10

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি তাদের ওয়েবসাইটে নিখোঁজ ২১৩ জন ভারতীয়ের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় কোনও ভুল থাকলে সংশোধন, নাম সংযোজন বা বাদ দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে আপত্তি ও প্রস্তাব চাওয়া হয়েছে।
 

  • 4/10

কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, নিখোঁজদের পরিবারের সদস্যরা তালিকা নিয়ে কোনও আপত্তি বা সংশোধনের প্রস্তাব থাকলে আগামী ২ ডিসেম্বরের মধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

  • 5/10

এ জন্য একটি ইমেল আইডি এবং ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। পরিবারের সদস্যরা eoikathmandufloodsupport@gmail.com ঠিকানায় ইমেল করতে পারেন। প্রয়োজনে +9779851316807 নম্বরে ফোন করেও যোগাযোগ করা যাবে।
 

  • 6/10

ভারতীয় দূতাবাস জানিয়েছে, আপত্তি ও সংশোধনের প্রস্তাব গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর নেপাল সরকার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এরপর নিখোঁজ ২১৩ জন ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হবে।
 

  • 7/10

পরবর্তী পর্যায়ে নেপালের স্থানীয় প্রশাসনের কাছ থেকে তাঁদের ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু করবে ভারতীয় দূতাবাস। প্রয়োজনে নিখোঁজদের পরিবারের কাছ থেকে অতিরিক্ত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্রও চাওয়া হতে পারে। এই বিষয়ে আগামী দিনে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে দূতাবাসের তরফে জানানো হয়েছে।
 

  • 8/10

গত ২৬ অগাস্ট নেপালে ভয়াবহ হড়পা বানের ঘটনা ঘটে। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ১ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি ৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হন।
 

  • 9/10

হিমালয়ের সীমান্তবর্তী অঞ্চল থেকে দক্ষিণ দিকে বয়ে আসা ভোটে কোশী নদীর জল ভয়াবহ বন্যার সৃষ্টি করে। নদীর প্রবল স্রোতে ভেসে যায় বহু বাড়িঘর, গাড়ি, রাস্তা ও সেতু। ক্ষতিগ্রস্ত হয় একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও।
 

  • 10/10

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ভারতীয়দের কোনও সন্ধান না মেলায় এবার তাঁদের মৃত্যুর আইনি স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার।

Advertisement
Advertisement