
বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ কে হবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু সেসবের মধ্যেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন যে, দল এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। এর পরিবর্তে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর 'উন্নয়নমূলক কর্মসূচির' নামেই ভোট চাইবে।
শমীক ভট্টাচার্য বলেন, 'বিজেপি অর্গ্যানিক এবং আনঅর্গ্যানিক নেতাদের মধ্যে কোনো ভেদাভেদ করে না। তাঁর মতে, 'জনগণ যাকে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়াকু হিসেবে চিহ্নিত করবে, নির্বাচনে জয়ের পর তিনিই দলের মুখ হয়ে উঠতে পারেন।'
বিধানসভা নির্বাচনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তোষণ রাজনীতির বিরুদ্ধে বিজেপির সরাসরি লড়াই হিসেবে তুলে ধরে শমীক জোর দিয়ে বলেন যে, 'দল মুখ্যমন্ত্রী পদের জন্য কাউকে নির্দিষ্ট মুখ হিসেবে তুলে ধরবে না। এর পরিবর্তে তারা মোদী এবং তাঁর উন্নয়নমূলক কর্মসূচির নামেই ভোট চাইবে।' পাশাপাশি, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শনাক্ত, আটক এবং বহিষ্কার, এই নীতি অনুসরণ করবে বলেও তিনি জানান।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই প্রার্থী করার সিদ্ধান্তটি তাঁকে কার্যত দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরারই নামান্তর কি না। এর সরাসরি উত্তর তিনি দিতে চাননি।
বরং শমীক বলেন, 'বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরে না। দিল্লি এবং হরিয়ানায় বিজেপি কাকে মুখ হিসেবে তুলে ধরেছিল? আমরা কাউকে তুলে ধরিনি। তবুও আমরা জিতেছিলাম। ওড়িশাতেও একই ঘটনা ঘটেছিল। সেখানে আমরা কাকে মুখ হিসেবে তুলে ধরেছিলাম? আমরা সেই নির্বাচনগুলোতে কোনো একক মুখকে সামনে রেখে লড়াই করিনি।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গ' হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্র থেকে অধিকারীকে প্রার্থী করার বিষয়টি তাঁকে কার্যত এই নির্বাচনের জন্য বিজেপির মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে কি না, এ বিষয়ে বারবার প্রশ্ন করা হলে শমীক জানান, নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণভাবে দলের সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই ন্যস্ত।
শমীক বলেন, 'আগামী কয়েক দিনের মধ্যে যদি তাঁরা কাউকে বেছে নিয়ে তাঁর নেতৃত্বে লড়াই করার সিদ্ধান্ত নেন, তবে সেটি হবে তাঁদের সিদ্ধান্ত। কিন্তু এই মুহূর্তে এমন কোনও সিদ্ধান্ত নেই, এবং আমার মনে হয় না যে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।'
রাজ্য সভাপতি শমীক আরও জানান, এর পরিবর্তে বিজেপি প্রধানমন্ত্রী মোদীর নামেই ভোট চাইবে। তাঁর কথায়, 'আমরা বিকাশ পুরুষ তথা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে নির্বাচনে লড়ছি, এমন একজন মানুষ, যাঁকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বস্তরের মানুষ বিশ্বাস করেন। এবং তাঁর দূরদৃষ্টির প্রতি আস্থার ভিত্তিতেই আমরা ভোট চাইছি।