
বাংলার বিধানসভা নির্বাচনের জন্য শুক্রবার ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। সপ্তম বেতন কমিশন থেকে বেকার ও মহিলাদের জন্য অনুদান , সেইসঙ্গে কর্মসংস্থানন, সংকল্প পত্রে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। এবার ডেবরার সভা থেকে আরও এক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ঘাটালের নিকাশি সমস্যার সমাধান করে দেবেন।
এদিন পশ্চিম মেদিনীপুরের ডেবরার আকালপৌষ স্কুল গ্রাউন্ডে 'বিজয় সংকল্প' সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
শাহের বক্তব্য, ক্ষমতায় এলে এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। মোদীজি ১৫০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, তৃণমূল নষ্ট করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'মোদীজি ১৫০০ কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের উন্নয়নের জন্য পাঠিয়েছিলেন। ৬০ শতাংশ অর্থ মোদীজি দিতেন। কিন্তু তৃণমূল ঘাটাল মাস্টার প্ল্যানকে জঞ্জাল করে দিয়েছে। আপনারা চিন্তা করবেন না, বিজেপির সরকার আনুন, এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থার সমাধান করে দেব।'
উল্লেখ্য, ফি বছর বর্ষায় দুর্ভোগের অন্ত থাকে না ঘাটালবাসীর। তাই 'ঘাটাল মাস্টার প্ল্যান' বাস্তবায়িত হলে স্থানীয় মানুষ স্বস্তি পান। কিন্তু এর দায় বা দায়িত্ব কার, সেই নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলে আসছে দীর্ঘকাল ধরে। কিছু দিন আগে সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য নিজের অর্থে এই প্রকল্প করছে। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে তৃতীয় বারের জন্য দেব প্রার্থী হতে রাজি হন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। প্রকাশ্য সভা থেকে জানিয়ে দেন, এ বার প্রকল্পের বাস্তবায়ন হবেই। গত জানুয়ারিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেন। রাজ্য প্রশাসনের বক্তব্য, প্রকল্পের জন্য কেন্দ্র থেকে কোনও টাকা নেওয়া হয়নি। ১৫০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই প্রকল্প। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যকে কটাক্ষই করে বলেছেন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক ডেসিমেল জমিও অধিগ্রহণ করা হয়নি। জমি অধিগ্রহণই হয়নি যেখানে, সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান খাতায়-কলমেই থাকবে শুধু, নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি হয়ে থাকবে।' এবার ভোট প্রচারে সেই ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা গেল শাহের গলাতেও।