
'মেয়েদের ব্যাগ খুলে কী কী ব্যবহার করে, সেটাও টেনে বার করা হচ্ছে! লজ্জা করে না?' খণ্ডঘোষের জনসভা থেকে এমনই তীব্র ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের মুখে মহিলাদের ব্যাগ তল্লাশির অভিযোগে সরব হলেন। টানলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজের (Shreemoyee Chattoraj) অভিযোগের প্রসঙ্গও। কটাক্ষ করে বলেন, 'মেয়েদের ব্যাগ থেকে লিপস্টিক পরবে? নাকি মেয়েরা যেসব ব্যবহার করে, সেগুলি নেবে?'
রবিবার বর্ধমানের খণ্ডঘোষের লোদনা ফুটবল গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তোলেন, 'চেক করার নামে অশ্লীলতা হচ্ছে। মেয়েদের ব্যক্তিগত জিনিস প্রকাশ্যে বার করে অপমান করা হচ্ছে।'
সম্প্রতি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। রাতে শ্যুটিং থেকে ফেরার সময় নাকা চেকিংয়ে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁর দাবি, পুরুষ পুলিশকর্মীরা তাঁর ব্যাগ খুলে স্যানিটারি প্যাড-সহ ব্যক্তিগত জিনিস বার করেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে। এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস লজ্জা লাগে বলতে, সেগুলি পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। '
তিনি আরও বলেন, 'কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়স্ক মহিলা; খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা; আমি শুনলাম তাঁকে হ্যারাস করেছে তাঁর গাড়ি খুলে। গাড়ি খুলতেই পারেন। চেক করতেই পারেন। কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কী কী ব্যবহার করে দেখবেন? কেন? লিপস্টিক পরবেন? নাকি ফেসিয়াল করবেন? নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করে; করবেন। লজ্জা করে না? অশ্লীলতার চূড়ান্ত করছে। যারা করছে তাদের আমি বলে দিই। অশ্লীলতা করলে মেয়েরা কমপ্লেন করবেন।'
বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'ভোটের সময় টাকা দেয়, তারপর আর দেখা যায় না।'
ভোটার তালিকা নিয়েও এদিন ফের প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, বহু মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। NRC ও ডিলিমিটেশন নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, 'মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।'
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের সংবেদনশীল ইস্যু দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে এর প্রভাব পড়তে পারে। ফলে আগামিদিনে এই বিতর্ক আরও বাড়তে পারে।