
আজ হলদিয়ার সভায় দাঁড়িয়ে বাংলার জনগণকে ৬ গ্যারেন্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমত তাঁর দাবি, ভয়ের জায়গা আর থাকবে না। বরং বিজেপি সরকারে এলে জনগণকে ভরসা দেওয়া হবে। দ্বিতীয়ত, বিজেপি সরকারে এলে সরকারি সিস্টেম, জনতাকে জবাব দেবে। তৃতীয়ত, তৃণমূলের আমলে যেই সকল দুর্নীতি হয়েছে বা রেপ হয়েছে, সেই সব কেসের ফাইল খুলবে।
মোদীর চতুর্থ গ্যারান্টি হল, তৃণমূলের রাজের সময় যেই সকল মানুষ দুর্নীতি করেছে, তাঁদের জায়গা হবে জেলে। মন্ত্রী হোক বা যেই হোক, আইন সবার হিসেব করবে। তৃণমূলের কোনও গুণ্ডাকে ছাড়া হবে না না। পয়সা খেতে দেওয়া হবে না। পঞ্চমত, যাঁরা শরণার্থী হয়ে ভারতে এসেছেন, তাঁদের সব অধিকার দেওয়া হবে। অন্যদিকে অনুপ্রবেশকারীদের বের করা হবে। দেশকে সুরক্ষিত রাখা হবে। ষষ্ঠ গ্যারান্টি, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন লাগু হবে। তাতেই সরকারি কর্মচারীদের মাইনে বাড়বে। অর্থাৎ বিজেপি সরকারে এলে ঠিক কী কী কাজ হবে, সেটা আজ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী।
পাশাপাশি আজ তিনি নন্দীগ্রামের প্রসঙ্গও আবার তোলেন। তাঁর মতে, ৫ বছর আগে এই নন্দীগ্রামে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবারও নন্দীগ্রামের মতো ভবানীপুরেও সেই একই রেজাল্ট হবে। তাই নন্দীগ্রামের মাটিকেই তিনি পরিবর্তনের মাটি বলছেন।
এখানেই শেষ না করে তাঁর আরও দাবি, যেই সব রাজ্যে বিজেপি সরকার রয়েছে, সেখানে নিয়মিত রোজগার মেলা হয়। আর বিজেপি সরকারে এলে এখানেও হবে এই মেলা। সবাই কাজ পাবে। বেকারত্ব দূর হবে।
এছাড়া পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বারবার বিঁধেছেন মোদী। তাঁর অভিযোগ, বাংলায় কাটমানি ছাড়া কিছুই হয় না। এমনকী কোম্পানি খুলতে গেলও কাটমানি দিতে হয়। আর বিজেপি সরকারে এলে এই ধরনের সংস্কৃতি বন্ধ করা হবে। পাশাপাশি অন্যান্য বিজেপিশাসিত রাজ্যের মতো বাংলাতেও ইন্ড্রাস্ট্রি হবে বলে জানালেন তিনি।
পাশাপাশি আজ মাছ চাষ নিয়েও কথা তোলেন মোদী। তিনি জানান, পশ্চিমবঙ্গের মানুষ মাছ খেলেও মাছ চাষে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্য। দেশের অন্যান্য রাজ্য এক্ষেত্রে এগিয়ে গিয়েছে। কিন্তু বাংলা পিছিয়ে রয়েছে। তাই বিজেপি ক্ষমতায় এলে মাছ চাষের ক্ষেত্রেও বাংলাকে স্বনির্ভর করা হবে বলে দাবি করেন তিনি। সেই মতো বিজেপি সরকার কাজ করবে।