Advertisement

Rahul Banerjee Death: মৃত্যুকে কীভাবে দেখতেন রাহুল? bangla.aajtak.in-এ শেয়ার করেছিলেন মনের কথা

Rahul Banerjee News: ২০২২ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল রাহুল বন্দ্যোপাধ্য়ায়ের ছবি 'মৃত্যুপথযাত্রী'। সেসময় আজতক বাংলাকে (বাংলা ডট আজতক ডট ইন) মৃত্যু নিয়ে নানা কথা বলেছিলেন অভিনেতা। 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি)রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি)
সৌমিতা চৌধুরী
  • কলকাতা ,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 5:16 PM IST

শোকের ছায়া বাংলা বিনোদন জগতে। প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়। রবিবার টলিউড অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। এই দুঃসংবাদ আসার পর থেকেই, টলিপাড়ার অনেকেই হাজির হন, রাহুলের বাড়িতে। মধ্যরাত অবধি অভিনেতার বিজয়গড়ের বাড়ির সামনেই ছিলেন পাড়া- প্রতিবেশী, কাছের মানুষেরা। এই মৃত্যু ঘিরে উঠে আসছে নানা রকম তত্ত্ব। ইন্ডাস্ট্রির অনেকেই তুলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন অনেকেই। রাহুলের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এল। সেই অনুযায়ী, শরীরে অতিরিক্ত বালি ও নোনা জল ঢুকে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে অভিনেতার। 

২০২২ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল রাহুল বন্দ্যোপাধ্য়ায়ের ছবি 'মৃত্যুপথযাত্রী'। সৌম্য সেনগুপ্ত পরিচালিত এই ছবির অন্যান্য চরিত্ররা হয়তো ছিলেন মিনিট পনেরো। বাকি ছবির দায়িত্ব প্রায় গোটাটাই ছিল রাহুলের কাঁধে। মৃত্যুদণ্ডে দণ্ডিত এক আসামি, যার হাতে আর বারো ঘণ্টা আছে। জীবনের এই শেষ কয়েক ঘণ্টা তার মানসিক স্থিতি ঠিক কীরকম হতে পারে, এই নিয়েই গল্প বাঁধা হয়েছিল। ২০২২-র জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। যেখানে সেই আসামীর চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সেসময় আজতক বাংলাকে (বাংলা ডট আজতক ডট ইন) মৃত্যু নিয়ে নানা কথা বলেছিলেন রাহুল। 

 

রাহুলকে প্রশ্ন করা হয়েছিল, এই চরিত্রের মাধ্যমে মৃত্যুকে কতটা কাছে থেকে দেখেছেন তিনি? উত্তরে রাহুল বলেছিলেন, "না মৃত্যুকে আমি বরাবরই খুব কাছে থেকেই দেখেছি এবং মৃত্যু এমন একটা চেতনা যেটা আমাকে কখনই ছেড়ে যায় না। তবে হ্যাঁ এই কাজটা করতে গিয়ে আমার ডিপ্রেশন হয়ে গিয়েছিল।"

অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, ছবিতে বারবার 'মৃত্যু' আসছে... আপনি ভয় পান মৃত্যুকে? রাহুলের জবাব ছিল, "আমি নিজের মৃত্যুর থেকেও প্রিয়জনের মৃত্যুকে ভয় পাই বেশি। তবে আগামীকাল ঘুম থেকে উঠে ভারতের একটা ক্রিকেট ম্যাচ আর দেখতে পাবো না বা একটা নতুন ভাল সিনেমা দেখতে পাবো না, যখন এই ভাবনাটা আসে, সত্যি কথা বলতে তখন কিছুটা ভয় লাগে।"   

Advertisement

 

তবে সেসময় ছবিটি ঘিরে তাঁর আক্ষেপ ছিল। রাহুল জানিয়েছিলেন, "দুঃখজনক হচ্ছে আমরা সেভাবে হলই পাইনি। গোটা কলকাতায় শুধুমাত্র নজরুল তীর্থতে একটা শো পেয়েছি। সব মিলিয়ে ৬টা হল পাওয়া গেছে শুনলাম। " তিনি শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে জনিয়েছিলেন, "শুধুমাত্র আসামি বলেই না, এই ছবিটার সম্পূর্ণটা জুড়ে আমি। ৮০ মিনিটের মধ্যে ৮০ মিনিটই আমি আছি বলে, বাড়তি চাপ, তাগিদ এবং চ্যালেঞ্জ সবটাই বেশি ছিল। বেশ খাটতে হয়েছে। তবে খুব তৃপ্তি হয়েছে এবং সব সময় এরকম খাটনির চরিত্র পাওয়া যায় না। তাই এই খাটনিটাও উপভোগ করেছি। ফ্লোরে যাওয়ার প্রায় ১৫ দিন আগে থেকে আমি একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম বাড়িতে। নিজের ঘরের বাইরে যেতাম না। খাবারটা আমার ঘরের বাইরে রাখা হত, খেয়ে বাইরে বাসনটা রেখে দিতাম। ক্যামেরার সঙ্গে একটা নতুন করে প্রেম হল। এই ছবিতে যেহেতু কোনও লোকেশন বা সহ-অভিনেতার সাপোর্ট, এগুলো কোনও কিছুই ছিল না... আমি এবং একটা ক্যামেরা বসানো ছিল শুধু। ক্যামেরার সঙ্গে বন্ধুত্বটা যেন নতুন করে স্থাপন হল।"  

প্রসঙ্গত, টলিপাড়ার পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দিঘার তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে রাহুলের মৃত্যু নিশ্চিত করা হয়। ছোটপর্দা, বড়পর্দা, মঞ্চ থেকে ওটিটি, সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতায় সকলের মন বারবার জয় করেছেন। সম্প্রতি নিজের পডকাস্ট চ্যানেলের মাধ্যমের সকলের মনের আরও কাছে পৌঁছান অভিনেতা।  

তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত অভিনেতার ময়নাতদন্ত হওয়ার পরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রবিবার, রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনেতার বিজয়গড়ের বাড়িতে যান রাতেই। এই সময় তাঁকে ও রাহুল-পুত্র সহজকে এখন একা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন সকলকে।  সোমবার তাম্রলিপ্ত হাসপাতাল সূত্রের খবর, যে পরিমাণ বালি ফুসফুসে পাওয়া গিয়েছে তা অস্বাভাবিক। কম সময় জলে ডুবে থাকলে এত বালি পাওয়া যেত না। সংবাদমাধ্যমে প্রকাশ, অন্তত এক ঘণ্টা জলের তলায় ডুবে ছিলেন রাহুল। জলের তলায় হয়তো সেই অবস্থাতেই পড়েছিলেন। সেই কারণে হয়তো তাঁর দেহ থেকে এতটা বালি ও নোনা জল মিলেছে।  

 

Read more!
Advertisement
Advertisement