
জিম করার সময় হার্ট অ্যাটাকে আরও এক মৃত্যু। এবার অকালে প্রাণ হারালেন টিভি-র নামী অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (Siddhaanth Vir Surryavanshi)। শুক্রবার সকালে জিমে ওয়ার্ক আউট করছিলেন। তখনই হার্ট অ্যাটাক (Heart Attack) হয়। বয়স হয়েছিল ৪৬ বছর।
'কুসুম', 'বারিস', 'সূর্যপুত্র কর্ণ' সহ একাধিক সিরিয়ালে চেনা মুখ সিদ্ধান্ত। টিভি অভিনেতা জয় ভানুশালী সিদ্ধান্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফিটনেস নিয়ে সিদ্ধান্ত ভীষণ ভাবেই সতর্ক থাকতেন।
কী হয়েছিল সিদ্ধান্তের?
অভিনেতা জয় ভানুশালী সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্তের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, 'ভাই, বড্ড তাড়াতাড়ি চলে গেলি।' জিমে ওয়ার্ক আউট করার সময় হার্ট অ্যাটাক হয়। ঠিক যেভাবে ওয়ার্ক আউটের সময় হার্ট অ্যাটাক হয়েছিল রাজু শ্রীবাস্তবের।
কে ছিলেন সিদ্ধান্ত বীর সূর্যবংশী?
সিদ্ধান্ত বীর সূর্যবংশী কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। আনন্দ সূর্যবংশী হিসেবেও তিনি পরিচিত। সিরিয়াল 'কুসুম'-এ ডেবিউ করেন সিদ্ধান্ত। এরপর একের পর এক হিট সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। কাসৌটি জিন্দেগি কি, কৃ্ষ্ণা অর্জুন, ক্যায়া দিল মে হ্যায় সহ জনপ্রিয় সিরিয়ালের চেনা মুখ ছিলেন সিদ্ধান্ত। সিদ্ধান্তের শেষ কাজ টিভি শো কিঁউ রিস্তোঁ মে কাট্টি-বাট্টি ও জিদ্দি দিল।
পাপারাৎজি ভিরল ভয়ানি এদিন খবর প্রকাশ্যে আনেন। অভিনেতার আচমকা মৃত্যুর খবর তিনি জানিয়ে লেখেন, 'অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী সম্পর্কে ভয়ঙ্কর খবর, যিনি আগে আনন্দ সূর্যবংশী নামে পরিচিত ছিলেন। প্রথম দিকে পাওয়া খবর অনুযায়ী আজ তিনি জিম করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এই বছরে একাধিক তরুণকে হারিয়েছি আমরা। জানি না এগুলো কী করে হচ্ছে কারণ ও সবসময়েই বেশ ফিট থাকত। পরিবারের প্রতি সমবেদনা। ওঁ শান্তি।'