
গত রবিবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। শোকের ছায়া বাংলা বিনোদন জগতে। এই মৃত্যু ঘিরে রয়েছে নানা ধোঁয়াশা। উঠে আসছে নানা রকম তত্ত্ব। ইন্ডাস্ট্রির অনেকেই তুলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন অনেকেই। 'ভোলে বাবা পার কারেগা' ধারাবাহিকে শ্যুট করার সময় এই দুর্ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই এখন অনিশ্চিত এই মেগার ভবিষ্যৎ। বন্ধ ছিল আরও এক মেগার শ্যুটিংও।
রবিবার দুর্ঘটনার পর থেকে বন্ধ 'ভোলে বাবা পার কারেগা'-র শ্যুট। এই মেগার সেট রয়েছে টালিগঞ্জের মুভিটোন স্টুডিওতে। এই একই স্টুডিওর অন্য ফ্লোরে চলে স্টার জলসার আরও এক মেগা, 'চিরসখা'-র শ্যুটিং। এই দুটি ধারাবাহিকই ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের প্রযোজনায় সম্প্রচারিত হয়। গল্প লেখেন লীনা গঙ্গোপাধ্যায়। ফলস্বরূপ প্রভাব পড়েছিল 'চিরসখা'-র শ্যুটিংয়েও। অনেকেই দুশ্চিন্তায় ছিলেন এই মেগা নিয়েও। সোমবার এই স্টুডিও শ্যুটিং বন্ধ ছিল। তবে টেলিপাড়ার খবর, ফের শুরু হয়েছে 'চিরসখা'-র কাজ।
মেগা সিরিয়ালের শ্যুটিং বেশিদিন ব্যাঙ্কিং করা থাকে না। তাই দীর্ঘদিন শ্যুট না হলে সমস্যায় পড়তে হবে 'ভোলে বাবা পার কারেগা' ধারাবাহিককে। নায়ক- নায়িকার মধুচন্দ্রিমার দৃশ্য শ্যুট করতে গিয়েই দেঘার তালসারিতে এই দুর্ঘটনা ঘটে। রাহুল এই মেগায় মুখ্য চরিত্রে অভিনয় করতেন। এবার তাঁর জায়গায় নতুন কেউ আসবে, নাকি বন্ধ হয়ে যাবে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে সোশ্যাল মিডিয়ায় দর্শক- নেটিজেনদের অনেকেই দাবি করেছেন, রাহুলের স্থান আর কাউকে না দেওয়ার। এখন দেখার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় নির্মাতারা।
রাহুলের মৃত্যুর প্রায় তিন দিন পর, বুধবার, প্রযোজনা সংস্থা ও আর্টিস্ট ফোরামের তরফে বিবৃতি এসেছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় 'জাস্টিস ফর রাহুল' স্লোগান তুলেছে টলিপাড়া। প্রতিবাদ করে, সিনেপাড়ার অনেক তারকারা একটি মিছিলে হাঁটবেন। শনিবার, বিকেল ৪টের সময় টেকনিশিয়ান স্টুডিও থেকে 'জাস্টিস ফর রাহুল' এই মিছিল শুরু হবে। যেখানে থাকতে পারেন টলিউড থেকে বাংলা টেলিভিশন জগতের শিল্পীরা। তবে আর্টিস্ট ফোরামের তরফ থেকে গুরুবার সন্ধ্যাবেলা বিবৃতি আসে, এই মিছিলে তারা সামিল হচ্ছেন না, তবে কোনও শিল্পী চাইলে যোগ দিতে পারেন।
প্রসঙ্গত, টলিপাড়ার পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দিঘার তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে রাহুলের মৃত্যু নিশ্চিত করা হয়। ছোটপর্দা, বড়পর্দা, মঞ্চ থেকে ওটিটি, সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতায় সকলের মন বারবার জয় করেছেন। সম্প্রতি নিজের পডকাস্ট চ্যানেলের মাধ্যমের সকলের মনের আরও কাছে পৌঁছান অভিনেতা।
তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত অভিনেতার ময়নাতদন্ত হওয়ার পরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রবিবার, রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনেতার বিজয়গড়ের বাড়িতে যান রাতেই। এই সময় তাঁকে ও রাহুল-পুত্র সহজকে এখন একা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন সকলকে। সোমবার তাম্রলিপ্ত হাসপাতাল সূত্রের খবর, যে পরিমাণ বালি ফুসফুসে পাওয়া গিয়েছে তা অস্বাভাবিক। কম সময় জলে ডুবে থাকলে এত বালি পাওয়া যেত না। সংবাদমাধ্যমে প্রকাশ, অন্তত এক ঘণ্টা জলের তলায় ডুবে ছিলেন রাহুল। জলের তলায় হয়তো সেই অবস্থাতেই পড়েছিলেন। সেই কারণে হয়তো তাঁর দেহ থেকে এতটা বালি ও নোনা জল মিলেছে।