যে বুলেট ট্রেন একসময় স্বপ্ন ছিল, সেটাই এখন বাস্তবের খুব কাছাকাছি। জোরকদমে চলছে প্রস্তুতি। সব ঠিক থাকলে ২০২৭ সালের ১৫ অগাস্ট থেকে ছুটতে পারে ভারতের প্রথম বুলেট ট্রেন। গুজরাতের ভাদোদরায় তৈরি হচ্ছে অত্যাধুনিক বুলেট ট্রেন স্টেশন। ইতিমধ্যেই স্টেশনের মূল কাঠামো রেডি। কংক্রিটের স্ল্যাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে স্ট্রাকচারাল স্টিল বসানোর কাজ।
ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বই-আমদাবাদ রুটে। সেই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ভাদোদরা বুলেট ট্রেন স্টেশন। স্টেশনের মূল কংক্রিট কাঠামোর কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এখন স্টিলের বিম ও স্তম্ভ বসানোর কাজ দ্রুত এগোচ্ছে। প্ল্যাটফর্ম, ছাদ এবং স্টেশনের বাইরের কাঠামো তৈরিতে এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাই-স্পিড রেল স্টেশনের নির্মাণ সাধারণ রেলস্টেশনের তুলনায় অনেকটাই আলাদা। ভাদোদরা স্টেশনে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এবং ভারী ক্রেন। স্টিল ইরেকশন প্রযুক্তির ফলে যেমন নির্মাণের গতি বাড়ছে, তেমনই ভবন আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হচ্ছে। দ্রুতগতির বুলেট ট্রেনের কম্পনও সহজেই সহ্য করতে পারবে এই কাঠামো।
ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) জানিয়েছে, ভাদোদরা বুলেট ট্রেন স্টেশন শুধু আধুনিকই হবে না, থাকবে গুজরাতের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপও। স্টেশনের নকশা, শিল্পকর্ম এবং বাইরের ডিজাইনে ফুটে উঠবে ভাদোদরার ঐতিহ্য ও বিখ্যাত বটগাছের অনুপ্রেরণা। ভবিষ্যতে এটি শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
এই স্টেশন শুধু ট্রেনে ওঠানামার জায়গা হবে না, গড়ে উঠবে একটি আধুনিক ট্রান্সপোর্ট হাব। যাত্রীদের জন্য থাকবে মাল্টি-লেভেল পার্কিং, এস্কেলেটর, লিফ্ট, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ, ফুড কোর্ট এবং একাধিক দোকান। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের পরিষেবা দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
ভাদোদরা বুলেট ট্রেন স্টেশন এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এক পরিবহণ থেকে অন্য পরিবহণে যেতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়। স্টেশনটি সরাসরি ভারতীয় রেল, বাস টার্মিনাস এবং স্থানীয় পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন করিডরে মোট ১২টি স্টেশন তৈরি হচ্ছে, যার প্রতিটিই আধুনিক পরিকাঠামোয় গড়ে তোলা হচ্ছে।
বুলেট ট্রেন করিডর শুধু যাতায়াতের সময় কমাবে না, স্থানীয় অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। বড়োদা ও আশপাশের এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। স্টেশন চালু হলে মুম্বই, সুরাত ও আমদাবাদের মধ্যে যাতায়াত আরও দ্রুত হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে।