Advertisement

অর্থনীতি

Gautam Adani net worth 2026: হুহু করে বাড়ছে সম্পদ, ১০ বিলিয়ন কোটি ক্লাবের কাছাকাছি আদানি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 20 Apr 2026,
  • Updated 9:31 PM IST
  • 1/6

কথায় বলে, ভাগ্য ফিরতে সময় লাগে না। শিল্পপতি গৌতম আদানির ক্ষেত্রে অন্তত এই প্রবাদটিই যেন চরম ধ্রুবসত্য। দীর্ঘ টালবাহানা আর চড়াই-উতরাই পেরিয়ে ফের একবার বিশ্বের তাবড় ধনকুবেরদের মঞ্চে স্বমহিমায় ফিরছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। সোমবার শেয়ার বাজারে তাঁর সংস্থার শেয়ারের গ্রাফ চড়চড় করে বাড়তেই নতুন করে চর্চা শুরু হয়েছে শিল্পমহলে। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় আবারও নিজের জমি শক্ত করছেন তিনি।

  • 2/6

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ এখন ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছোঁয়ার অপেক্ষায়। সোমবার এক দিনেই তাঁর ব্যক্তিগত সম্পদ বেড়েছে প্রায় ৭৭০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় ৬ হাজার কোটি টাকারও বেশি। এই বিপুল পরিমাণ লক্ষ্মীলাভের জেরে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি এখন ১৪ নম্বরে উঠে এসেছেন। ভারতের ধনকুবেরদের মধ্যেও মুকেশ আম্বানির পরেই তাঁর স্থান।

  • 3/6

আদানি গ্রিন থেকে শুরু করে আদানি পোর্টস, গোষ্ঠীর প্রায় সবকটি সংস্থার শেয়ারেই এখন তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য শক্তি ও পরিকাঠামো ক্ষেত্রে নতুন নতুন লগ্নি সংস্থার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। এক সময় ‘হিন্ডেনবার্গ’ ঝড়ে যে সাম্রাজ্য কিছুটা টলে গিয়েছিল, সেই ধাক্কা সামলে আদানি এখন যে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াচ্ছেন, শেয়ার বাজারের কারবারিরা তা মেনে নিচ্ছেন একবাক্যে।

  • 4/6

হিসেব বলছে, বর্তমানে গৌতম আদানির মোট নিট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৯৭.৯ বিলিয়ন ডলারে। আর মাত্র কয়েক পা এগোলেই তিনি ঢুকে পড়বেন সেই অভিজাত ‘১০০ বিলিয়ন ডলার ক্লাব’-এ। বর্তমানে এই ক্লাবে ইলন মাস্ক, জেফ বেজোস ও মার্ক জুকারবার্গের মতো ব্যক্তিত্বরা রয়েছেন। এশিয়ায় মুকেশ আম্বানি ইতিমধ্যেই এই মাইলফলক ছুঁয়েছেন, এবার সেই একই রাস্তায় আদানির কামব্যাক দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

  • 5/6

বাজার বিশেষজ্ঞদের মতে, আদানির এই সম্পদ বৃদ্ধির মূলে রয়েছে তাঁর সংস্থার প্রসারের কৌশল এবং সরকারের নীতিগত সমর্থন। যেভাবে বন্দর থেকে বিদ্যুৎ এবং বিমানবন্দর থেকে ডেটা সেন্টার, সব ক্ষেত্রেই আদানি গোষ্ঠী আধিপত্য বিস্তার করছে, তাতে বিদেশি বিনিয়োগকারীরাও ফের আস্থাশীল হচ্ছেন। এর ইতিবাচক প্রভাব পড়ছে শেয়ার দরে, যার ফলস্বরূপ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আদানির সম্পত্তির পরিমাণ।

 

  • 6/6

তবে এই উত্থানের মাঝেও সতর্কবার্তা দিচ্ছেন অনেক অর্থনীতিবিদ। তাঁদের মতে, শেয়ার বাজারের অস্থিরতা যেমন সম্পদ বাড়ায়, তেমনই তা যে কোনও সময় নিম্নমুখীও হতে পারে। যদিও আপাতত আদানির পালে যে উন্নয়নের হাওয়া বইছে, তাতে খুশিতে ডগমগ বিনিয়োগকারীরা। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি ১০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারেন কি না, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের বাণিজ্যিক মহলের।
 

Advertisement
Advertisement