
বাংলার পাশাপাশি আজ ভোটগণনা রয়েছে আরও ৩ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলেও। অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও আজ ভোটগণনা শুরু হচ্ছে। অসমে বিজেপি সরকার ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী। তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল রয়েছে। পাশাপাশি ঔৎসুক্য রয়েছে কেরলের ভোটের ফলাফল ঘিরেও। দক্ষিণের এই রাজ্যের রীতি ভেঙে পরপর দু'বার সেখানে সরকার ধরে রেখেছে CPIM নেতৃত্বাধীন এলডিএফ। তবে এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১০ বছর পরে ক্ষমতায় ফিরতে চলেছে বলে এগজিট পোলে পূর্বাভাস মিলেছে। যদিও সব উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। কেরলে ভোটগণনার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তামিলনাড়ুতে চলছে ত্রিশঙ্কু লড়াই। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ছয়টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে দেশের এই ৩ রাজ্য ও ১টি কেন্দ্র শাসিত অঞ্চলের আগামী ৫ বছরের ভবিষ্যৎ।
পুদুচেরিতে ৩০টি মোট বিধানসভা আসন থাকায় ম্যাজিক ফিগার রয়েছে ১৬। দুপুর ১২টা পর্যন্ত এগিয়ে থাকা আসনের নিরিখে পুদুচেরিতে বিজেপি এগিয়ে রয়েছে ১৫টি আসনে, কংগ্রেস এগিয়ে ১১টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ৩টি আসনে।
অসমের ট্রেন্ড বলছে বিজেপি ম্যাজিক ফিগার পার করে গিয়েছে। এগিয়ে থাকা আসনের নিরিখে অসমে ১০০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ২৪টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
অন্যদিকে, কেরলে ধুয়েমুছে যাচ্ছে বামেরা। কেরলে বাম জোট LDF এগিয়ে রয়েছে ৪০টি আসনে। কংগ্রেস সমর্থিত UDF জোট এগিয়ে রয়েছে ৯৩টি আসনে। এই রাজ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৩টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৪টি আসনে।
তামিলনাড়ুতে ম্যাজিক ফিগার-এর দিকে এগোচ্ছে TVK। ১১৮-তে ম্যাজিক ফিগার রয়েছে তামিলনাড়ুর। TVK এই রাজ্যে এগিয়ে রয়েছে ১১০টি আসনে। ডিএমকে এগিয়ে রয়েছে ৫৩টি আসনে ও AIADMK এগিয়ে রয়েছে ৭৩ আসনে।
সকাল ১১টা পর্যন্ত ৯৭ আসনে এগিয়ে UDF, LDF এগিয়ে ৪০ আসনে। BJP এগিয়ে ১টি আসনে। অন্যান্যরা ৩টি আসনে। ১৪০ আসনের বিধানসভায় কেরলে ম্যাজিক ফিগার ৭১।
অসমে কংগ্রেস দল চরম সঙ্কটে পড়েছে বলে মনে হচ্ছে। অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জোরহাটে পিছিয়ে আছেন। এর জন্য গগৈ নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। এদিকে, বিজেপি বিশাল ব্যবধানে এগিয়ে যাচ্ছে, তারা ৮৫টি আসনে এগিয়ে আছে, যেখানে কংগ্রেস মাত্র ২৩টি আসনে এগিয়ে রয়েছে।
তামিলনাড়ুতে খেলা ঘুরতে চলেছে। এগজিট পোলের পূর্বাভাস মোতাবেক, বেলা ১০টা ২০ পর্যন্ত তামিলনাড়ুতে ১০১টি আসনে এগিয়ে TVK। অন্যদিকে, DMK এগিয়ে ৫০টি আসনে ও AIADMK এগিয়ে রয়েছে ৭৩টি আসনে। এই রাজ্যে ম্যাজিক ফিগার রয়েছে ১১৮।
সকাল ১০টা পর্যন্ত প্রাথমিক ভাবে যে রেজাল্ট সামনে এসেছে তাতে বাম জোট LDF-কে ধরাশয়ী হতে দেখা যাচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ৮৫টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট UDF। অন্যদিকে, LDF এগিয়ে রয়েছে ৪৮টি আসনে। কেরলে বিজেপি এগিয়ে রয়েছে ৫টি আসনে।
কেরলের ধর্মাদাম কেন্দ্র থেকে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
তামিলনাড়ুতে একাধিক এগজিট পোলের সম্ভাবনা মিলিয়ে হু হু করে এগোচ্ছে 'থালাপতি' বিজয়ের দল TVK। সকাল পৌনে ১০টা পর্যন্ত TVK এগিয়ে রয়েছে ৮১টি আসনে। অন্যদিকে DMK এগিয়ে রয়েছে ৫৫টি আসনে। অন্যদিকে, AIADMK এগিয়ে রয়েছে ৬৭টি আসনে। এই রাজ্যে ম্যাজিক ফিগার রয়েছে ১১৮।
CPIM-এর সাধারণ সম্পাদক এমএ বেবি বলেন, 'প্রাথমিক ট্রেন্ডে UDF কেরলে এগিয়ে রয়েছে ঠিকই তবে যত গণনা এগোবে তত স্পষ্ট হবে চিত্র।' তিনি এখনও আশাবাদী কেরলে বামেরাই ফের ক্ষমতায় আসবে।
অসমে বিপুল সংখ্যক আসনে জয় পাওয়ার দিকে এগিয়ে রয়েছে বিজেপি। এই রাজ্যে সরকার গড়তে প্রয়োজন ৬৪টি সিট। সকাল সাড়ে ৯টা পর্যন্ত BJP এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। কংগ্রেস এগিয়ে ২৫টি আসনে। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।
কেরলে কংগ্রেস জোট ইউডিএফ এগিয়ে রয়েছে ২৬টি আসনে। তাদের পরেই এলডিএফ এগিয়ে রয়েছে ১৫টি আসনে। বিজেপি ৪টি আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, কেরলে ক্ষমতা হারাতে চলেছেন পিনারাই বিজয়ন।
তামিননাড়ুতে ৪৯টি আসনে এগিয়ে ডিএমকে, এডিএমকে ২৬টি আসনে, টিভিকে এগিয়ে ১৯টি আসনে। এমকে স্ট্যালিনই কী আরও একবার সরকার গড়তে চলেছেন? এখনও স্পষ্ট নয়।
অসমে সকাল ৯টা অবধি গণনায় বিজেপি এগিয়ে রয়েছে ৫৩টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৬টি আসনে, এআইইউহডিএফ এগিয়ে ২টি আসনে। বিগত লোকসভা ভোটে বদরুদ্দিন আজমলের দল এআইইউহডিএফ একটি আসনও পায়নি। মনে করা হচ্ছিল, বিধানসভাতেও তাদের ভারডুবি হতে চলেছে। মুসলিম ভোট নিজেদের ঘরে টেনে শক্তি বাড়াবে কংগ্রেস। কিন্তু প্রাথমিক ট্রেনডে সেকথা বলছে না।
অসমের জালুকবাড়ি আসনে এগিয়ে হিমন্ত। জোরহাটে এগিয়ে কংগ্রেসের গৌরব গগৈ।
তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন এগিয়ে। উদয়নিধি স্ট্যালিনও এগিয়ে। পেরাম্বুর আসনে এগিয়ে বিজয়। তবে ত্রিচিতে পিছিয়ে।
তামিলনাড়ুতে DMK এগিয়ে রয়েছে ৬৬টি আসনে। বিজয়ের দল TVK এগিয়ে রয়েছে ৩৪টি আসনে। অন্যদিকে, AIADMK এগিয়ে রয়েছে ১৫টি আসনে।
কেরলে প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট UDF। সকাল ৮টা ৫০ পর্যন্ত UDF এগিয়ে রয়েছে ১৮টি আসনে। LDF এগিয়ে রয়েছে ৬টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৭টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১টি আসনে।
কেরলে পোস্টাল ব্যালটে হাড্ডাহাড্ডি লড়াই বাম-বিজেপির। অন্তত ১০টি আসনে এগিয়ে কংগ্রেস জোট UDF। বামেরা এখন এগিয়ে ৪টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে ৫টি আসনে। অন্যরা জিতে রয়েছে ১টি আসনে।
তামিলনাড়ুতে পোস্টাল ব্যালটের শুরুতে চলছে DMK ঝড়। শুরুতে খাতা খুললেও মাত্র ৪টি আসনে এগিয়ে রয়েছে TVK। অনেকটা এগিয়ে ২৪টি আসনে লিড নিয়ে রয়েছে DMK। AIADMK এগিয়ে রয়েছে মাত্র ২টি আসনে।
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে প্রাথমিক ভাবে ২টি আসনে এগিয়ে বিজেপি। চলছে ব্যালট গণনা।
অসমেও চলছে ব্যালট গণনা। অন্ততপক্ষে ১৭টি আসনে BJP-র এগিয়ে থাকার খবর মিলেছে। ১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
তামিলনাড়ুতে পোস্টাল ব্যালট গণনায় প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছে DMK। মোট ৭টি সিটের মধ্যে ৩ টিতে এগিয়ে রয়েছে TVK। অপর ৪টিতে এগিয়ে রয়েছে DMK।
অসমেও শুরু হয়েছে ব্যালট গণনা। অন্ততপক্ষে ৬টি পক্ষে BJP-র এগিয়ে থাকার খবর মিলেছে। অসমে গেরুয়া ঝড়ের পূর্বাভাস মিলেছে এগজিট পোলে।
অসমেও শুরু হয়েছে ব্যালট গণনা। অন্ততপক্ষে ৩টি পক্ষে BJP-র এগিয়ে থাকার খবর মিলেছে। অসমে গেরুয়া ঝড়ের পূর্বাভাস মিলেছে এগজিট পোলে।
রাইজর দলের সভাপতি এবং শিবসাগর আসনের প্রার্থী অখিল গগৈ জয় নিয়ে আত্মবিশ্বাসী। বিরোধীরাই অসমে এবার সরকার গঠন করবে বলে মন্তব্য করেন তিনি। কমপক্ষে ৭০ আসনে জয় হবে বলে মন্তব্য তাঁর।
তামিলনাড়ুতে পোস্টাল ব্যালট গণনায় প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছে DMK ও TVK। ২টি সিটের একটিতে এগিয়ে রয়েছে TVK। অপর একটিতে এগিয়ে রয়েছে DMK।
তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে শুরু হয়েছে ভোটগণনা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা। সূত্রের খবর, সাড়ে ৮টা পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা চলবে। তারপর গণনা হবে EVM-এর ভোট।
কেরলে শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা। ৩টি আসনে এগিয়ে রয়েছে UDF এবং ১টিতে LDF
তামিলনাড়ুতে শুরু হয়েছে ভোটগণনা। শুরুতেই তামিলনাড়ুতে একটি সিটে এগিয়ে 'থালাপতি' বিজয়ের TVK দল।
কেরলে কাউন্টিংয়ের শুরুতেই ১টি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF
অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 'অনুপ্রবেশকারী-মুক্ত' অসমের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর আক্রমণের প্রধান টার্গেট 'মিয়া' বা বাংলাভাষী মুসলমানেরা। এছাড়াও, তিনি উন্নয়নের দিকেও নজর টেনে অসমবাসীকে ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন।
অন্যদিকে কংগ্রেসের লক্ষ্য হল বিজেপি সরকারের আমলের দুর্নীতি এবং জমি উচ্ছেদ অভিযানে রাষ্ট্রীয় যন্ত্রের 'অপব্যবহার' হয়েছে দাবি করে মানুষকে পাশে টানার চেষ্টা। কারা সাফল্য পেল? উত্তর মিলবে আর কয়েক ঘণ্টাতেই।
পুদুচেরিতে মোট বিধানসভা আসন রয়েছে ৩০টি। এরমধ্যে সংখ্যাগরিষ্ঠতার মার্জিন রয়েছে ১৬টি। মূল লড়াই BJP ও কংগ্রেসের মধ্যে।
কেরলের বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনের বাইরে বাড়ানো হল নিরাপত্তা।
তামিলনাড়ুতে মোট বিধানসভা আসন রয়েছে ২৩৪টি। এরমধ্যে সংখ্যাগরিষ্ঠতার মার্জিন রয়েছে ১১৮টি। DMK ও AIADMK ছাড়াও নজর রয়েছে 'থালাপতি' বিজয়ের দল TVK-এর দিকে। বিজয় কি 'কিংমেকার' হতে পারে? সেই উত্তরই আজ খুঁজবে তামিলনাড়ুর জনগণ।
আজ কেরলে যাবতীয় নজর রয়েছে বামেদের দিকে। পরপর দু'বার ক্ষমতায় ফিরেছে CPIM নেতৃত্বাধীন এলডিএফ। তবে এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১০ বছর পরে ক্ষমতায় ফিরতে চলেছে বলে এগজিট পোলে পূর্বাভাস মিলেছে। ১৪০টি আসনের মধ্যে ৭১টি আসন সংখ্যাগরিষ্ঠতার মার্জিন। কারা সেই মার্জিন পর্যন্ত পৌঁছায় তাই দেখার।
আজ অসমে ভোটগণনা হবে ১২৬টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা রয়েছে ৬৪। এখানে মূল লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে। তবে ধারেভারে এগিয়ে রয়েছে বিজেপি। এগজিট পোলের ডেটাও বলছে গুয়াহাটিতে ফিরতে চলেছে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বই।