
West Bengal Assembly Election 2026 Phase 2 Voting Live Updates: আজ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন ভাগ্য নির্ধারণ হবে ১৪২টি আসনের। এই দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। কলকাতার ১১টি আসন-সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভোট হচ্ছে। দুই দফার এই নির্বাচনে দ্বিতীয় দফাই মূলত ক্ষমতা দখলের চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় দফার লড়াইয়ে একাধিক ‘স্টার’ এবং হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ ইভিএমে বন্দি হবে। ভবানীপুরে রয়েছে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি ফাইট।
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত রেকর্ড ভোটদান হল। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। যেখানে ভোটদানের হার ২০.৮৬ শতাংশ, হুগলিতে ভোট পড়েছে ২০.১৬, নদিয়ায় ভোটদানের হার ১৮.৫০ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ১৭.৮১ শতাংশ, হাওড়ায় ১৭.৭৬ শতাংশ, কলকাতা উত্তরে ভোটদানের হার ১৭.২৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ১৭.২৫ শতাংশ, কলকাতা দক্ষিণে ১৬.৮১ শতাংশ।
সকাল সকাল স্ত্রী কে সঙ্গে নিয়ে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার ৮৭/১৫ নাম্বার বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
প্রথম ২ ঘণ্টাতেই ২০ শতাংশ ভোট পড়বে, এমনটাই আশা করছেন ভবানীপুরের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বজরংবলীর থেকে আশীর্বাদ নিয়েছি, মমতার হার নিশ্চিত।' সনাতনী হিন্দুদের আরও বেশি সংখ্যায় বেরিয়ে এসে ভোট দেওয়ার আর্জি তাঁর।
BJP চূড়ান্ত রিগিং করার চেষ্টা করছে। বিজেপি-কে রুখতে আমাদের দলের কর্মীরা মৃত্যুবরণেও প্রস্তুত। ভবানীপুরে দাঁড়িয়ে ঠিক কী বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন।
কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে একটি ভিডিও দেখিয়ে CRPF-এর অত্যাচারের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'আমি এখনও দলের চেয়ারম্যান। আর সেই চেয়ারম্যান হিসেবেই বলছি, ভোটটা যেন শান্তিতে হয়। মানুষ যেন ভোটটা দিতে পারে। আমি সারা রাত জেগে ছিলাম। ববির বাড়িতে রাতে কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছে। বাবাই এত ভাল ছেলে, ওর বাড়িতে রাত ২টোর সময়ে CRPF গিয়ে হামলা করেছে। ওর বউ একা ছিল বাড়িতে। ওর ফোন কেড়ে নিয়েছে, লাথি মেরে বাড়িতে। হুমকি দিয়ে বলেছে বাবাই যেন পালাতে না পারে।' একইসঙ্গে ভাঙড়ে একজনকে পুলিশ মেরেছে বলেও সংবাদমাধ্যমে ছবি দেখান তিনি। সঙ্গে বলেন, 'এরপরও মানুষ ওদের ভোট দেবে? এটা কি গুন্ডারাজ চলছে? ভোট এ ভাবে হয়? গণতন্ত্রের পুরো ১২টা বাজিয়ে দিয়েছে। BJP রিগিং করে ভোটে জেতার চেষ্টা করছে।'
ভোট দিলেন মিঠুন চক্রবর্তী।
আজ সকালেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি জানান, হিন্দুরা বিজেপিকে ঢেলে ভোট দিচ্ছেন। বিপুল ভোটে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন্দ্রীয় বাহিনী এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। হাই কোর্টের নির্দেশও মানছে না। পুলিশ পর্যবেক্ষকরা মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এসব করে লাভ নেই। মুখ থুবড়ে পড়বে (বিজেপি)। প্রথম দফায় দফারফা হয়ে গিয়েছে (বিজেপির)।'
বালি বিধানসভা কেন্দ্রের ডন বস্কো লিলুয়া সহনলাল স্কুলের ভোটকেন্দ্রে একটি ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনার সৃষ্টি হয়। ভোটদান প্রক্রিয়া ব্যাহত করায় ভোটাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন, যার জেরে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
দ্বিতীয় দফার ভোটের আগেই নদিয়ার শান্তিপুরে উত্তেজনা। বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মিত্র ইনস্টিটিউশনে সকাল সকাল ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'স্পেশাল অবজার্ভারের কি এক্তিয়ার রয়েছে বাড়ি বাড়ি গিয়ে রেইড করার? তাঁরা তো নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে। এসব করে কোনও লাভ হবে না। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে।'
সকাল সকাল বুথে গিয়ে ভোট দিলেন সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "শুরুতে কিছু সমস্যা ছিল কিন্তু এখন তা সমাধান হয়ে গেছে। লোকজন সকাল সাড়ে ৬টা থেকে লাইনে অপেক্ষা করছেন। ভোটগ্রহণ ভালোভাবে চলছে।"
সাতসকালে ভবানীপুরে ভোট-পরিদর্শনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে যাবেন তিনি। এদিকে, পরিদর্শনে বেরিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে স্পর্শকাতর এলাকাগুলিতে সক্রিয় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই ভাটপাড়ায় সাঁজোয়া গাড়ি নিয়ে টহল দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।
ভোট শুরু হওয়ার কথা সকাল ৭টায়। কিন্তু সকাল সাড়ে সাতটা বেজে যাওয়ার পরও নিমতলার ১৪০ নম্বর বুথে ভোট শুরু হয়নি বলে খবর। যার ফলে ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এখন দেখার কতক্ষণে শুরু হয় ভোট।
আর জি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নির্যাতিতার বাবা শেখরঞ্জন দেবনাথ বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, 'এটা খুবই দুঃখের যে আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার পেতে এই পথ অবলম্বন করতে হচ্ছে, কিন্তু আমরা জিতব এবং আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার আদায় করব... আমরা জনগণের সঙ্গে আছি...।' তাঁর স্ত্রী রত্না দেবনাথ পানিহাটি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি পুলিশের। ভবানীপুরেই তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলছে। যদিও এই বিষয়ে কার্তিকের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।