West Bengal Election 2026 Phase 1 Voting Live: West Bengal Election 2026 Phase 1 Voting Live: ভালো ভোট পড়লেও দিকে দিকে অশান্তি, বীরভূম- কোচবিহারে হিংসা; ঝরল রক্তও

Aajtak Bangla | 23 Apr 2026, 1:22 PM IST

West Bengal Assembly Election 2026 Phase 1 Voting Live Updates: আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন। এদিন ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে। মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সুষ্ঠু ভোটের জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটে মূল লড়াই হচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। ভোটে এবারের পরিস্থিতি বেশ জটিল। তৃণমূল ও বিজেপির ঘোর সমর্থক ছাড়া কেউ জোর দিয়ে বলতে পারছেন না শেষ হাসি কে হাসবেন। নরেন্দ্র মোদী-অমিত শাহ নাকি মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের সঙ্গেই তামিলনাড়ুতেও আজ বিধানসভা নির্বাচন। তামিলনাড়ুর ভোট বহু দিন ধরেই দ্বিমুখী লড়াই। ডিএমকে বনাম এডিএমকে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এ বারে ভোটের লড়াইয়ে রয়েছে আরও এক শক্তি। অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)।

চলছে বাংলার প্রথম দফার নির্বাচন

West Bengal Assembly Election 2026 Phase 1 Voting Live Updates: আজ রাজ্যে  প্রথম দফার নির্বাচন। এদিন  ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে।  মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সুষ্ঠু ভোটের জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী।  এবারের ভোটে মূল লড়াই হচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। ভোটে এবারের পরিস্থিতি বেশ জটিল। তৃণমূল ও বিজেপির ঘোর সমর্থক ছাড়া কেউ জোর দিয়ে বলতে পারছেন না শেষ হাসি কে হাসবেন। নরেন্দ্র মোদী-অমিত শাহ নাকি মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের সঙ্গেই তামিলনাড়ুতেও আজ বিধানসভা নির্বাচন। তামিলনাড়ুর ভোট বহু দিন ধরেই দ্বিমুখী লড়াই। ডিএমকে বনাম এডিএমকে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এ বারে ভোটের লড়াইয়ে রয়েছে আরও এক শক্তি। অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)।

1:22 PM (a minute ago)

কোতুলপুরে তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী

Posted by :- Moumita Bhattacharyya

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভায়। ওই বিধানসভার যমুনা গ্রামে বুথ থেকে বেশ কিছুটা দূরে থাকা তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুরেরও অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার ঘটনাস্থলে ছুটে যান।

1:11 PM (11 minutes ago)

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর

Posted by :- sumana

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর। জেলা শাসক ও জেলা ফোর্স কোওর্ডিনেটরের কাছে রিপোর্ট চাইল কমিশন। মারধর করার পাশাপাশি বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

1:08 PM (15 minutes ago)

West Bengal Election 2026: ভোট দেওয়ার পর মহিলার মৃত্যু

Posted by :- Madhurma Dev

পশ্চিমবঙ্গের কেশপুরে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলা ইশরাতান বিবি (৫৫) পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা কেন্দ্রের দিঘার বাসিন্দা ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার স্বামী নবাবজান আলি বলেন, "পরিবারের চারজন সদস্য ভোটার তালিকায় নেই। আমার নামও সেখানে নেই। শুধু আমার স্ত্রীর ভোট দেওয়ার অধিকার ছিল। আমি তাকে ভোট দিতে নিয়ে গিয়েছিলাম। আমার ভোট দেওয়ার অধিকার ছিল না, তাই বুথের বাইরে দাঁড়িয়েছিলাম। ভোট দেওয়ার পর একটি টোটোতে ওঠার সময় স্ত্রী মারা যান।"

1:06 PM (17 minutes ago)

লাভপুরে বিজেপির পোলিং এজেন্টের উপর হামলা

Posted by :- sumana

লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলে বিজেপির পোলিং এজেন্টের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 
 

12:59 PM (24 minutes ago)

বাঁকুড়ার কোতুলপুর বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ

Posted by :- Sayan

বাঁকুড়ার কোতুলপুর বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। তৃণমূলের দাবি, যমুনা গ্রামে বুথ থেকে বেশ কিছুটা দূরে থাকা তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে। এই ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ বিক্ষোভও দেখান হয়। 

12:33 PM (an hour ago)

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন অনুব্রত?

Posted by :- Rupsa

মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে ভোট দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভোট দিত বেরিয়ে তিনি বলেন, 'মানুষকে বলব, সুস্থ ভাবে ভোট করুন। কুল কুল ঠান্ডা, আরামসে ভোট করুন।' তিনি আরও বলেন, 'খুব ভাল শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এটাই তো আমরা চেয়েছিলাম। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। বীরভূমের ১১টি আসনেই জিতব।'

 

12:32 PM (an hour ago)

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা সাবিনা ইয়াসমিনের

Posted by :- Moumita Bhattacharyya

উত্তপ্ত মুর্শিদাবাদ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন সাবিনা ইয়াসমিন। তিনি জানান, সুজাপুর বিধানসভার অন্তর্গত বেলতলারম ১৫৯ নং বুথের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবেন। সাবিনা ইয়াসমিনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী পরিচয়পত্র দেখতে গিয়ে সময় নষ্ট করছে।

12:23 PM (an hour ago)

কংগ্রেসকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Posted by :- Madhurma Dev

বীরভূমের মুরারাইয়ে কংগ্রেসকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, লাভপুরে আক্রান্ত বিজেপি-র এজেন্ট, মাথা ফাটল বিশ্বজিৎ মণ্ডলের।

12:22 PM (an hour ago)

মুরারইতে আক্রান্ত কংগ্রেস

Posted by :- Jagrick Dey

মুরারইতে দুই কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

12:17 PM (an hour ago)

ভোট গ্রহণ কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিক যেতেই উত্তপ্ত হল পরিস্থিতি

Posted by :- Sayan

ভোট গ্রহণ কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিক যেতেই উত্তপ্ত হল পরিস্থিতি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সাবলু বর্মণ। এমন সময়ই স্লোগানে উত্তপ্ত এলাকা বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়।

12:07 PM (an hour ago)

নওদায় নতুন করে উত্তেজনা

Posted by :- sumana

মুর্শিদাবাদের নওদায় নতুন করে উত্তেজনা। হুমায়ুন কবীরের গাড়িতে হামলা। নওদা থানা ও তৃণমূলের দিকে অভিযোগ হুমায়ুনের। বললেন, কেন্দ্রীয় বাহিনীর জন্য সুরক্ষিত আছি।

12:05 PM (an hour ago)

রক্ত ঝরল পিংলায়

Posted by :- Moumita Bhattacharyya

এ বার রক্ত ঝরল পিংলা বিধানসভায়। আক্রান্ত লক্ষণ পূর্তিকে ভোট দিতে বুথে নিয়ে গেল কেন্দ্রীয় বাহিনী।  এ দিন ভোট দেওয়ার আগেই পিংলার দক্ষিণ করকাইয়ের ২২০নম্বর আমোদচক বুথে মাথা ফাটে লক্ষণ পূর্তির। তৃণমূলের কয়েকজন তাঁকে লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। লোহার রডের আঘাতে চোট পান মাথা ও পায়ে। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ালে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী। তার পরেই আক্রান্তকে আশ্বস্ত করে নিয়ে যাওয়া হয় বুথে।

12:01 PM (an hour ago)

মুর্শিদাবাদের নওদায় নতুন করে উত্তেজনা

Posted by :- Madhurma Dev

মুর্শিদাবাদের নওদায় নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। হুমায়ুন কবীরের সমর্থকেরা তৃণমূলের দিকে লাঠি-বাঁশ নিয়ে তেড়ে যায়। লাঠিচার্জ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে।

11:56 AM (an hour ago)

মোবাইল নিয়ে ভোট দেওয়ার অভিযোগ

Posted by :- Moumita Bhattacharyya

মোবাইল নিয়ে বুথ ক্যাম্পে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। তুফানগঞ্জ বিধানসভার মহিষকুচি -১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে।

11:56 AM (an hour ago)

কমিশনের প্রশংসা প্রাপ্য: অধীররঞ্জন চৌধুরী

Posted by :- soumita

নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট বহরমপুরের প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। সংবাদমাধ্যমকে তিনি জানান, 'এখনও পর্যন্ত ভোটের যে হার, নিরাপত্তার যে ব্যবস্থা, নির্বাচন কমিশনের কাজে আমি সন্তুষ্ট। কমিশনের প্রশংসা প্রাপ্য।'

11:46 AM (2 hours ago)

সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়েছে?

Posted by :- Rupsa

সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪১.১১ শতাংশ। 

মালদা: ৩৮.২২%
মুর্শিদাবাদ: ৪১.৫৯%
পশ্চিম বর্ধমান: ৪০.২৪%
পশ্চিম মেদিনীপুর: ৪৪.৬৯%
পূর্ব মেদিনীপুর: ৪২.১৬%
পুরুলিয়া: ৩৯.১৬%
উত্তর দিনাজপুর: ৩৯.০৪%
ঝাড়গ্রাম: ৪৩.৭১%
কালিম্পং: ৩৯.৬১%
আলিপুরদুয়ার: ৩৮.৮০%
বাঁকুড়া: ৪৩.২২%
বীরভূম: ৪১.৯২%
কোচবিহার: ৩৮.৬৭%
দক্ষিণ দিনাজপুর: ৪১.১৭%
দার্জিলিং: ৩৯.৭২%
জলপাইগুড়ি: ৩৯.৫১%

11:45 AM (2 hours ago)

পূর্ব মেদিনীপুরের সোনাচুড়া ২৮৪ ভোটকেন্দ্রে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল

Posted by :- Sayan

পূর্ব মেদিনীপুরের সোনাচুড়া ২৮৪ ভোটকেন্দ্রে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল। ঘাসফুলের দাবি, বিজেপি এজেন্ট ভোটারদের হুমকি দিচ্ছে। 

11:37 AM (2 hours ago)

বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ

Posted by :- sumana

বাংলায় বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৭.৫৬ শতাংশ।

 

11:36 AM (2 hours ago)

West Bengal Election Date 2026: দিলীপ ঘোষকে আক্রমণ প্রদীপ সরকারের

Posted by :- Madhurma Dev

খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, "নির্বাচনী প্রচার মঙ্গলবার শেষ হয়ে গেলেও দিলীপ ঘোষ গতকালও প্রচার চালিয়ে গেছেন। 'বিজেপি-বলয়' বলে কিছু হয় না। ২০২২ সালে আমি খুব অল্প ব্যবধানে হেরেছিলাম। আমরা বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই, দিলীপ ঘোষ যদি এতই ভালো প্রার্থী ছিলেন, তাহলে তাঁকে সাংসদ পদ থেকে কেন সরানো হলো? বিজেপি কি এর ব্যাখ্যা দিতে পারে? আমাদের সন্দেহ, যেখানেই বিজেপি কম ভোট পাচ্ছে, সেখানেই তারা কোনও ঝামেলা করছে।"

11:31 AM (2 hours ago)

নন্দীগ্রামের বুথ পরিদর্শনে শুভেন্দু

Posted by :- sumana

ভোট চলছে নন্দীগ্রামে। বুথে বুথে পরিস্থিতি খতিয়ে দেখছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

 

11:22 AM (2 hours ago)

নওদার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

Posted by :- Rupsa

আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর এবং TMC কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতির ঘটনা ঘটে নওদাতে। এই নিয়ে এবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করব নির্বাচন কমিশন। 

 

11:20 AM (2 hours ago)

কেশপুরে ভোট দিয়ে বেরিয়ে মৃত্যু মহিলার

Posted by :- Rupsa

ভোট দিতে গিয়ে মৃত্যু হল ভোটারের। ঘটনাটি ঘটছে কেশপুরে। মৃতের নাম ইসরাতন বিবি। বছর পঞ্চাশের এই মহিলা বুথে লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। ভোট দিয়ে বেরনোর সময়ে তাঁর মত্যু হয়েছে বলে খবর। ইসরাতন বিবির স্বামীর নাম SIR-এ কাটা পড়েছে। 

11:16 AM (2 hours ago)

১১টা পর্যন্ত ২০৬টা অভিযোগ দায়ের

Posted by :- sumana

ভোটে হিংসা নিয়ে বেলা  ১১টা পর্যন্ত ২০৬টা অভিযোগ কমিশনের কাছে জমা পড়েছে।

11:02 AM (2 hours ago)

মালদায় ভোটকেন্দ্রের বাইরে উত্তেজনা

Posted by :- Sayan

মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বালুয়াচড়া হাই স্কুলে উত্তেজনা। ওই কেন্দ্রে একটি ভোটকেন্দ্রে ইভিএমে ত্রুটি দেখা যায়। তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেক্টর অফিসারের পৌঁছাতে দেরি হওয়ায় ভোটাররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্ষুদ্ধ জনতা তাঁকে ঘিরে ফেলেন। 

11:01 AM (2 hours ago)

ভোট দিলেন শঙ্কর ঘোষ

Posted by :- Rupsa

শিলিগুড়ির BJP প্রার্থী শঙ্কর ঘোষ ভোটদান করলেন। শিলিগুড়ির জগদীশ চন্দ্র বিদ্যাপীঠে ভোট দিলেন তিনি। 

 

10:55 AM (2 hours ago)

EVM ও CCTV খারাপ নিয়ে কী বললেন CEO মনোজ আগরওয়াল?

Posted by :- Rupsa

বৃহস্পতিবার সকাল ৯টার আগে CEO দফতরে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ভিতরে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওদার বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন, 'হ্যাঁ খবর পেয়েছি। খানিকটা দূরে ঘটেছে। কড়া পদক্ষেপ হবে।' পাশাপাশি একাধিক জায়গা থেকে EVM খারাপের ঘটনা নিয়ে তিনি বলেন, 'হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।' মালদার মোথাবাড়িতে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ শুরুই করা যায়নি বলে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে মনোজ বলেন, ‘কমিশনের প্রতিনিধি কড়া পদক্ষেপ করছেন।’ অনেক জায়গায় ইভিএমের পাশাপাশি সিসি ক্যামেরা খারাপ থাকারও অভিযোগ উঠেছে। তা নিয়ে সিইও বলেন, ‘সেটা ঠিক হয়ে যাবে।’

10:50 AM (3 hours ago)

এখনও পর্যন্ত ভোট ভাল চলছে,বললেন অধীর চৌধুরী

Posted by :- sumana

এখনও পর্যন্ত ভোট ভাল চলছে, এজেন্টরা বসতে পেরেছেন।  বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

 

10:50 AM (3 hours ago)

প্রার্থীকে বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী

Posted by :- Moumita Bhattacharyya

প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। তালডাংরা বিধানসভার ২২৬ নং বুথে সকালেই বুথ পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। সেখানেই বাধাপ্রাপ্ত হন তিনি। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী যে কোনও বুথে একা ঢুকতে পারে।

10:43 AM (3 hours ago)

হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল ঝামেলা

Posted by :- sumana

নওদা ১৭৩ নম্বর বুথের বাইরে হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল ঝামেলা। এজেন্টকে বসতে না দেওয়া নিয়ে বচসার শুরু। সেখান থেকেই অশান্তি শুরু। হুমায়ুনকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণ না এলে কঠোর পদক্ষেপ নেবে কমিশন। খবর সূত্রের।

10:41 AM (3 hours ago)

পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

Posted by :- Moumita Bhattacharyya

মেজাজ হারালেন বিজেপির চাঁচল বিধানসভার এজেন্ট লক্ষণ পান্ডে। অভিযোগ, মতিহারপুর অঞ্চলের ২১০ পোহরিয়া বুথে তাদের পোলিং এজেন্টকে কর্মরত অবস্থায় বুথ থেকে বের করে দেয় প্রিসাইডিং অফিসার। পরে সমস্যা মিটলে প্রার্থী ও এজেন্ট গেলে তাঁদের বসতে দেওয়া হয়। কিন্তু, সময় অপচয় করা হলো বলে আক্ষেপ বিজেপির।

10:33 AM (3 hours ago)

ভোট দিলেন সূর্যকান্ত মিশ্র

Posted by :- Moumita Bhattacharyya

প্রতিবারের মতো সকালে টোটোতে চেপে এসে ভোট দিলেন নারায়ণগড়ের সিপিএমের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। খাকুড়দা প্রাথমিক বিদ্যালয়ের ১৭১ নম্বর বুথে সস্ত্রীক টোটোতে চেপে এসে ভোট দেন তিনি।

10:25 AM (3 hours ago)

তৃণমূলের এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি: গৌতম দেব

Posted by :- soumita

তৃণমূলের এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি, এই অভিযোগ করছেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবের। ক্ষোভ উগরে সংবাদমাধ্যমকে তিনি জানান,  'শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে ১৬৪ ও ১৬৫ নম্বর বুথে বসতে দেওয়া হয়নি তৃণমূল এজেন্ট'।  

10:23 AM (3 hours ago)

সকালেই আসানসোলে ভোট দিয়ে ফেলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

Posted by :- Sayan

সকালেই আসানসোলে ভোট দিয়ে ফেলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এখন তিনি আসানসোল দক্ষিণ এলাকার রানীগঞ্জ পঞ্চায়েতের একাধিক গ্রামীণ এলাকায় ঘুরছেন। অতীতে এখানেই তাঁর উপর হামলা হয়েছিল। এখন তিনি বুথ পরিদর্শন করছেন।

10:14 AM (3 hours ago)

নওদায় তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলা হুমায়ুন কবীরের

Posted by :- sumana

মুর্শিদাবাদের নওদায় উত্তেজনা, হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।

10:13 AM (3 hours ago)

ভোট দিলেন সস্ত্রীক সুকান্ত মজুমদার

Posted by :- Moumita Bhattacharyya

 বাড়ি থেকে পায়ে হেঁটে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন ৪৮ নাম্বার বুথে বালুরঘাট প্রাচ্য ভারতি বিদ্যাপীঠ ভোট দান করেন তিনি।

10:13 AM (3 hours ago)

পুলিশের উপর ক্ষোভ উদয়ন গুহর

Posted by :- sumana

কোচবিহারের দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে। তিনি বলেন, 'পুলিশ আমাদের কর্মীদের ডেকে পাঠাচ্ছে থানায়। প্ল্যান করে বিজেপি-কে সাহায্য করার চেষ্টা করছেন দিনহাটা থানার আইসি। আজকে ভোট ফেলে লোকে থানায় যাবে?'

10:13 AM (3 hours ago)

নওদায় হুমায়ুন কবীরের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের

Posted by :- Jagrick Dey

নওদার শিবনগরে তীব্র উত্তেজনা, হুমায়ুন কবীরের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। 'চোর চোর' স্লোগান হুমায়ুনকে, হাতাহাতির মতো পরিস্থিতি। সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বহু ভোটার আতঙ্কে বুথ ছাড়ছেন।   

10:05 AM (3 hours ago)

ভোট চলছে তামিলনাড়ুতেও

Posted by :- sumana

ভোট দিলেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি আন্নামালাই।

10:04 AM (3 hours ago)

সকাল ৯টা পর্যন্ত কোন জেলায় কত ভোট পড়ল?

Posted by :- Kishore

সকাল ৯ টা পর্যন্ত জেলার নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিম মেদিনীপুরে। 

ঝাড়গ্রাম - ১৯.৮৪ % 
কালিম্পং - ১৮.৭৪ %
মালদা - ১৬.৯৬ %
মুর্শিদাবাদ - ১৮.৮৮ %
পশ্চিম মেদিনীপুর - ২০.৫১ %
পশ্চিম বর্ধমান - ১৯.০০ %
পূর্ব মেদিনীপুর - ১৮.৮১ %
আলিপুরদুয়ার - ১৭.৭০ %
বাঁকুড়া - ২০.২০ %
বীরভূম  - ১৯.০১ %
কোচবিহার - ১৭.৫৬ %
দক্ষিণ দিনাজপুর - ১৮.৮১ %
দার্জিলিং - ১৮.৮০ %
জলপাইগুড়ি - ১৮.৫০ %
মালদা - ১৬.৯৬ %
মুর্শিদাবাদ - ১৮.৮৮ %
পুরুলিয়া - ১৭.৮৩ %
উত্তর দিনাজপুর - ১৭.৫৪ %

10:02 AM (3 hours ago)

তুফানগঞ্জে ২ নম্বর ব্লকে রোড জ্যামিংয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Posted by :- soumita

কোচবিহারের তুফানগঞ্জে ২ নম্বর ব্লকে রোড জ্যামিংয়ের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছচ্ছে পুলিশ। 

9:52 AM (4 hours ago)

সিউড়িতে EVM মেশিন খারাপের অভিযোগ

Posted by :- Moumita Bhattacharyya

সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চটোপাধ্যায় নিজের নেতাজী বিদ্যাভবন বুথে ভোট দিলেন। অন্যদিকে, কালীগতি নারীশিক্ষা নিকেতনের ১৫৯ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী সঞ্জয় অধিকারী সকাল থেকে এসে ভোট দিতে পারলেন না। তার দাবি, এক ঘণ্টা হয়ে গেল মেশিন খারাপ। এই বাড়তি সময় শেষে দিতে হবে।  

9:40 AM (4 hours ago)

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ

Posted by :- sumana

রাজ্যে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে, ২০.৫১ শতাংশ।

9:38 AM (4 hours ago)

মালদায় ভোটকেন্দ্রের বাইরে হট্টগোল

Posted by :- sumana

মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে বালুয়াচারা হাইস্কুলের ভোটকেন্দ্রের বাইরে একটি ইভিএম বিকল হয়ে যাওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। সেক্টর অফিসারের পৌঁছাতে দেরি হওয়ায় ভোটাররা ক্ষিপ্ত হয়ে তাঁকে ঘিরে ধরেন। বেশ কয়েকজন ভোটারকে সেক্টর অফিসারের হাত ধরে টানতে এবং তাঁর সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হতে দেখা যায়।

9:36 AM (4 hours ago)

মোথাবাড়িতে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি

Posted by :- soumita

 ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি শুরু হয়। এমনকী  ওঠে 'বন্দে মাতরম' স্লোগান। অভিযোগ, সকাল থেকে কেউ ভোট দিতে পারছিলেন না। ইভিএম খারাপ বলে জানা যায়। গেট বন্ধ করে দেয় কেন্দ্রীয় বাহিনী। বার বার ফোন করা সত্ত্বেও সেক্টর অফিসার ফোন ধরেননি বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি চরমে পৌঁছায়। নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তোলেন সাধারণ মানুষ।

9:34 AM (4 hours ago)

গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল পৌছাতেই উত্তেজনা

Posted by :- Sayan

গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল পৌছাতেই উত্তেজনা। এলাকার বিজেপি কর্মী সমর্থকরা চন্দনকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয় বলে অভিযোগ। তারপরই উত্তপ্ত হয় পরিস্থিতি।

9:31 AM (4 hours ago)

তৃণমূল প্রার্থীকে দেখে চোর চোর স্লোগান

Posted by :- Moumita Bhattacharyya

গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল পৌছাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। চন্দন মন্ডলকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান। বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল চন্দন মন্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন এবং তৃণমূলে ভোট দেওয়ার কথা বলছিলেন। যার ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাঁকে বিক্ষোভ দেখায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

9:23 AM (4 hours ago)

শীতলকুচিতে EVM বিভ্রাট, সময়ে ভোট শুরু না হওয়ার অভিযোগ

Posted by :- Kishore

শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা ধাপের চাতরা এলাকার ২০২ নম্বর বুথে ইভিএম বিভ্রাটকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও, দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তা শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।
 

9:08 AM (4 hours ago)

ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

Posted by :- sumana

 ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। ডোমকলের রায়পুর গ্রামে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল। অভিযোগের তির সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

9:05 AM (4 hours ago)

শিলিগুড়িতে ভোট দিলেন গৌতম দেব

Posted by :- sumana

শিলিগুড়িতে ভোট দিলেন গৌতম দেব। ভোট দেওয়ার আগে মন্দিরে পুজো দেন তিনি।

9:04 AM (4 hours ago)

মমতারও একাধিক সভা আজ

Posted by :- Arindam

মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ দুটি জনসভা ও রোডশো। আজ তিনি টালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে বিজয়গড়ে একটি জনসভা করবেন। এর পর চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে আরও একটি সভায় যোগ দেবেন তিনি।
 

8:59 AM (4 hours ago)

সুপারস্টার রজনীকান্ত ভোটকেন্দ্রে এসে ভোট দিলেন

Posted by :- Sayan

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য চেন্নাইয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। আর আজ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের শীর্ষ তারকারা সকাল সকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুপারস্টার রজনীকান্ত ভোটকেন্দ্রে এসে ভোট দেন। অন্যদিকে অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান তাঁর কন্যা শ্রুতি হাসানকে সঙ্গে নিয়ে ভোট দেন।

8:57 AM (4 hours ago)

ভোট দিলেন কমল হাসান

Posted by :- sumana

নির্বাচন চলছে তামিল নাড়ুতেও। ভোট দিলেন কমল হাসান।

8:54 AM (4 hours ago)

ভোট দেওয়ার পর শুভেন্দু অধিকারী বললেন – সনাতন জিতবে, সনাতন সুরক্ষিত থাকবে

Posted by :- sumana

নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী এবং রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ভোট দেওয়ার পর গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, 'সনাতন জিতবে, সনাতন রক্ষা পাবে। এবার বাংলায় পরিবর্তন হচ্ছে। এবার পরিবর্তন না হলে বাংলায় সনাতন ধ্বংস হয়ে যাবে।' তিনি নির্বাচন কমিশনের কাজের প্রশংসা করলেও, তাদের বিরুদ্ধে 'গুণ্ডামির' অভিযোগও করেন এবং বলেন যে কিছু উচ্ছৃঙ্খল উপাদান সব জায়গাতেই থাকে।

8:44 AM (5 hours ago)

তৃণমূলের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, ডোমকলে তুমুল উত্তেজনা

Posted by :- Kishore

মুর্শিদাবাদের ডোমকলে ভোট ঘিরে তীব্র উত্তজেনা। রায়পুর এলাকায় তৃণমূলের তরফে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন সিপিএম কর্মী সমর্থকেরা। ঘটনার পর এলাকায় হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
 

8:26 AM (5 hours ago)

ডোমকলে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ

Posted by :- sumana

মুর্শিদাবাদের ডোমকলে ভোটারদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে নেই বলে অভিযোগ।

8:22 AM (5 hours ago)

ভোট দিলেন দিলীপ ঘোষ

Posted by :- sumana

ভোট দিলেন দিলীপ ঘোষ। এখনও পর্যন্ত শান্তিতে ভোট হচ্ছে। বললেন দিলীপ ঘোষ। 

8:21 AM (5 hours ago)

নওদা বিধানসভার শিবনগর এলাকায় ব্যাপক বোমাবাজি

Posted by :- sumana

মুর্শিদাবাদের নওদা বিধানসভার শিবনগর এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ভোটগ্রহণের ঠিক আগেই এই অশান্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। তৃণমূল সাংসদ আবু তাহের খানের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র আশ্রিত দুষ্কৃতীরা।

8:19 AM (5 hours ago)

ভোটের আগের রাতেই বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদের নওদা বিধানসভার শিবনগর এলাকায়

Posted by :- Sayan

রণক্ষেত্র নওদা। ভোটের আগের রাতেই বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদের নওদা বিধানসভার শিবনগর এলাকায়। বোমাবাজির ঘটনা ঘটেছে ভোটকেন্দ্রের সামনে। ওই বোমাবাজির সময়ে এলাকাতেই উপস্থিত ছিলেন নওদা বিধানসভার তৃণমূলপ্রার্থী সাহিনা মমতাজ খান। এই ঘটনায় অভিযোগ উঠছে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আমজনতা উন্নয়ন পার্টির দিকে।

8:15 AM (5 hours ago)

নন্দীগ্রামে ভোট দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

Posted by :- Sayan

সকাল সকাল নন্দীগ্রামে ভোট দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পর বললেন, 'এই নির্বাচন হিন্দুদের বাঁচানোর নির্বাচন'।

8:10 AM (5 hours ago)

রগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যেরা ভোট দিলেন

Posted by :- sumana

ভোট দিলেন মুর্শিদাবাদের শমসেরগঞ্জের অশান্তিতে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যেরা।

8:10 AM (5 hours ago)

বঙ্গে ভোট শুরু হতেই সাধারণ মানুষকে বার্তা শাহের

Posted by :- Kishore

বঙ্গে ভোট শুরু হতেই সাধারণ মানুষকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, "আজ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। এই নির্বাচন রাজ্যের বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র শক্তিশালী নেতৃত্বের সরকারই রাজ্যকে অনুপ্রবেশকারী, সিন্ডিকেট এবং কাট-মানির শাসন থেকে মুক্ত করতে পারে। মা ও কন্যাদের জন্য একটি নিরাপদ বাংলা গড়তে আজ উৎসাহের সঙ্গে ভোট দিন। সকল ভোটার, বিশেষ করে তরুণ-তরুণীরা, প্রথমে ভোট দিন এবং তারপর একটি সমৃদ্ধ ও উন্নত বাংলা গড়ার জন্য প্রাতঃরাশ সারুন।"
 

8:02 AM (5 hours ago)

মালদায় ভোটারদের দীর্ঘ লাইন

Posted by :- sumana

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হওয়ায় আজ মালদা জেলায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। মালদার কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে পাওয়া ছবিতে ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন এবং বিপুল জনসমাগম দেখা যাচ্ছে।

7:59 AM (5 hours ago)

SIR-এ নাম ডিলিট, ভিনরাজ্য থেকে ফিরেও ভোট দিতে পারলেন না মালদার বাসিন্দা

Posted by :- Kishore

ভোট দেওয়ার জন্য রাজ্যে ফিরেও ভোট দিতে পারলেন না মালদার বাসিন্দা বিলাল শেখ। তিনি পেশায় অন্ধ্রপ্রদেশের একজন ট্রাক চালক। তবে আজ কোতোয়ালি প্রাইমারি স্কুলে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন SIR-এ তাঁর নাম বাদ গিয়েছে। তাঁকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

7:59 AM (5 hours ago)

ভোট দিলেন হুমায়ুন কবীর

Posted by :- sumana

সকাল সকাল ভোট দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে সোমপাড়া ১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বুথে ভোট দেন তিনি।

 

7:53 AM (5 hours ago)

বিপুল সংখ্যায় মহিলারা ভোট দিতে আসছেন

Posted by :- sumana

পশ্চিমবঙ্গের অনেক ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের, বিশেষ করে মহিলাদের, দীর্ঘ লাইন দেখা গেছে। মহিলারা ভোট দেওয়ার ব্যাপারে বিশেষভাবে উৎসাহী। একইভাবে, তামিলনাড়ুতেও মহিলা ভোটাররা বিপুল সংখ্যায় ভোট দিতে এসেছেন।

7:47 AM (6 hours ago)

ট্যুইট করলেন অমিত শাহ

Posted by :- sumana

বাংলার ভোট নিয়ে ট্যুইট করলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  পোস্ট করে বলেছেন, 'আজ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। এই নির্বাচন রাজ্যের বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র শক্তিশালী নেতৃত্বের সরকারই রাজ্যকে অনুপ্রবেশকারী, সিন্ডিকেট এবং কাট-মানির শাসন থেকে মুক্ত করতে পারে, যা বাংলার জনবিন্যাসকে বদলে দিচ্ছে। বাংলার মা-মেয়েদের জন্য একটি নিরাপদ বাংলা গড়তে আজ বিপুল সংখ্যায় ভোট দিন। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলা গড়ার লক্ষ্যে সকল ভোটার, বিশেষ করে তরুণ-তরুণীরা, আজ প্রথমে ভোট দিন এবং তারপর জলখাবার খান।'

 

7:41 AM (6 hours ago)

তামিলনাড়ুর ২৩৪ আসনে চলছে ভোট

Posted by :- sumana

সকাল ৭টা থেকে তামিলনাড়ুর ২৩৪ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার এক দফার ভোটে মূলত দ্বিমুখী লড়াই, ডিএমকে বনাম এডিএমকে। জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে এ বার জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এ বারের ভোটে নজর রয়েছে অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)-এর দিকে। ৪,০২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৫.৭৩ কোটির বেশি ভোটার।

7:38 AM (6 hours ago)

তামিলনাড়ুর ভোট নিয়ে পোস্ট জেপি নড্ডার

Posted by :- Sayan

'তামিলনাড়ুতে আজ ভোটগ্রহণ চলছে। আমি আমার ভাই ও বোনদের, বিশেষ করে যুবসমাজকে আহ্বান জানাচ্ছি, বিপুল সংখ্যায় ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করুন। তামিলনাড়ু বর্তমানে ব্যাপক দুর্নীতি ও হিংসার সমস্যায় ভুগছে। একসময় সাধু-সন্তদের ভূমি হিসেবে পরিচিত এই রাজ্য এখন সাংস্কৃতিক পরিচয়ের সঙ্কটের মুখে। আমি নিশ্চিত, তামিলনাড়ুর মানুষ এমন একটি সরকার নির্বাচন করবেন, যা উন্নয়ন ও সংস্কৃতিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে। আপনার ভোট দিন এবং অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করুন।' তামিলনাড়ুর ভোট নিয়ে পোস্ট জেপি নড্ডার।

7:29 AM (6 hours ago)

কাঁথি বাড়ি থেকে ভোট দিতে যাচ্ছেন শুভেন্দু

Posted by :- sumana

বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথি থেকে  নন্দীগ্রামে ভোট দিতে যাচ্ছেন।

7:21 AM (6 hours ago)

বাংলার ভোট নিয়ে পোস্ট মোদীর

Posted by :- Sayan

'পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আজ। আমি সকল নাগরিককে অনুরোধ করছি, গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলা ভোটারদের প্রতি আবেদন, আপনারা বেশি সংখ্যায় ভোট দিন।' আজ সোশ্যাল মিডিয়ায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7:02 AM (6 hours ago)

শুরু হয়ে গেল বাংলায় প্রথম দফার ভোট

Posted by :- Sayan

ঘড়ির কাঁটায় সকাল ৭টা। শুরু হয়ে গেল বাংলায় প্রথম দফার ভোট। বুথে বুথে ভোটারের লাইন। অনেকেই সকাল সকাল ভোট দিতে চাইছেন। মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও।

7:00 AM (6 hours ago)

শুরু হল ভোটগ্রহণ

Posted by :- sumana

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু। এই পর্বে উত্তরবঙ্গের আটটি এবং দক্ষিণ-মধ্যবঙ্গের আটটিসহ মোট ১৬টি জেলার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার ১,৪৫২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য মানুষকে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 
 

6:53 AM (6 hours ago)

শিলিগুড়িতে ২৬/২৩৫ রামকৃষ্ণ পাঠাশালায় ইভিএম খারাপ বলে খবর মিলছে

Posted by :- Sayan

শিলিগুড়িতে ২৬/২৩৫ রামকৃষ্ণ পাঠাশালায় ইভিএম খারাপ বলে খবর মিলছে। যার ফলে আটকে মকপোল। এই কেন্দ্রে নতুন ইভিএম আনা হচ্ছে। তারপরই শুরু হবে ভোট বলে জানা যাচ্ছে।

6:53 AM (7 hours ago)

মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

Posted by :- sumana

উত্তর ২৪ পরগনা জেলায় দেওয়া ভাষণে এমসিসি লঙ্ঘনের অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার অভিযান ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ করার দাবিতে বিজেপি অভিযোগ দায়ের করেছে কমিশনে।

 

6:42 AM (7 hours ago)

মোট ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ হবে

Posted by :- sumana

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটে ৯ থেকে ১০ হাজারটি স্পর্শকাতর বুথ রয়েছে। ভোট করানোর দায়িত্বে রয়েছেন। ৫ লক্ষ ভোটকর্মী

6:30 AM (7 hours ago)

সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু

Posted by :- Sayan

সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু। এখন থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ করা যাচ্ছে। অনেকেই চাইছেন আগে ভোট দিয়ে নিতে। বুথে বুথে কড়া নিরাপত্তাও চোখে পড়ছে। বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

6:17 AM (7 hours ago)

রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে মক পোল

Posted by :- Sayan

রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে মক পোল। পিসাইডিং অফিসারের উপস্থিতিতে রাজনৈতিক দলের এজেন্টরা ইভিএম মেশিন চেক করছেন। আর মাত্র ৪৫ মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে প্রথমদফার ভোটগ্রহণ। এখনও পর্যন্ত খুব একটা গোলমালের খবর নেই।

6:14 AM (7 hours ago)

কড়া নিরাপত্তায় শুরু মক পোলিং

Posted by :- sumana

বৃহস্পতিবার সকাল থেকেই বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শুরু হয়েচে মক পোলিং। উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্ট। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

6:02 AM (7 hours ago)

ভোটের আগের রাতে উত্তপ্ত ডোমকল

Posted by :- sumana

রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের রাতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ডোমকল। বুধবার রাতে কুপিলা সর্দারপাড়া এলাকায় সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় দুই পক্ষের অন্তত তিন জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। দফায় দফায় উত্তেজনার জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

5:44 AM (8 hours ago)

সবকিছু খুব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এগোচ্ছে

Posted by :- Sayan

আসানসোল নর্থের রিটার্নিং অফিসার অঘোর কুমার রায় বলেন, 'সবকিছু খুব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এগোচ্ছে। ভোটগ্রহণের দলগুলি তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছে এবং নির্দিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবে। এই কেন্দ্রগুলির ভেতরে ও বাইরে ওয়েবকাস্ট ক্যামেরা বসানো হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন থাকবে। ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হবে, তার আগে সকাল ৫টা ৩০ মিনিটে মক পোল হবে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।”

5:41 AM (8 hours ago)

তামিলনাড়ুতেও ভোট আজ

Posted by :- sumana

আজ ভোট তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে। দক্ষিণী এই রাজ্যে ভোট মিটবে এক দফাতেই। বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী ‘দ্রাবিড় রাজনীতি’ এ বার এক আশ্চর্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে । একদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া DMK। অন্যদিকে ফের জোট বেঁধেছে AIADMK-BJP। আর তৃতীয় শক্তি হিসেবে এ বার উল্কার গতিতে উঠে এসেছে তামিল ফিল্মের সুপারস্টার থালাপতি বিজয়। সব মিলিয়ে দক্ষিণের এই হাই-ভোল্টেজ নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা।
 

5:38 AM (8 hours ago)

বাইকে নিষেধাজ্ঞা

Posted by :- sumana

ভোটের দিন বাইকে নিষেধাজ্ঞা পুলিশের। সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত, মোটর বাইক ব্যবহার করা যাবে না। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত, মোটর বাইকে চালকের পিছনে কাউকে বসানো যাবে না। জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশে জারি হয়েছে নির্দেশিকা।
 

5:36 AM (8 hours ago)

প্রথম দফায় ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার

Posted by :- sumana

বাংলায় প্রথম দফায় ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার জন।
 

5:32 AM (8 hours ago)

১৫২ আসনে গতবারের হিসেব

Posted by :- sumana

২০২১ সালে ৯৩টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছিল ৫৯টি আসন।
 

5:23 AM (8 hours ago)

১৬ জেলায় আজ ভোট হচ্ছে

Posted by :- sumana

 পশ্চিমবঙ্গের ১৬টি জেলার (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম) ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। 

5:22 AM (8 hours ago)

কড়া নিরাত্তায় ভোট

Posted by :- sumana

প্রথম দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে আজ ভোট। মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদে সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী মোটায়েন হয়েছে। প্রতি বুথে কমপক্ষে ৪ জন করে জওয়ান থাকবেন। ভোটকেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন করা হয়েছে ৪১ হাজার পুলিশ।